দুর্দান্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল শিরোপা জয়ের দাবিদার ইংল্যান্ড ফুটবল দল। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় ‘থ্রি লায়ন্স’দের। কোচ টমাস টুখেলের হাফ-টাইমের প্রেরণাদায়ক বক্তব্যের প্রশংসা করেছেন অধিনায়ক হ্যারি কেইন।
টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কেইন দুটি গোল করেন। যার মধ্যে একটি ছিল পেনাল্টি থেকে নেওয়া। কিন্তু ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়া লড়াইয়ে ফিরে এসে বিরতি আগেই ২-২ গোলে সমতা ফেরে।
তবে প্রথমার্ধের এলোমেলো ইংল্যান্ডে বদলে যায় দ্বিতীয়ার্ধে। বিরতির পর কিভাবে দল এগিয়ে গেল, এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘সত্যি বলতে, কোচ দারুণ একটি প্রেরণাদায়ক বক্তব্য দিয়েছেন। যা দলটির ‘নার্ভাস’ বা জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। বিশেষ করে যেভাবে আমরা প্রথমার্ধের ঠিক শেষ সময়ে দ্বিতীয় গোল খেলাম।’
ড্রেসিংরুমে টুখেল খেলোয়াড়দের শান্ত হতে বলেন এবং মনের ভয় ঝেড়ে ফেলার তাগিদ দেন বলে যোগ করেন তিনি।
কেইন জানিয়েছেন, কোচ পরিষ্কার বার্তা দিয়েছিলেন, যদি আমাদের হারতেই হয়, তবে আমরা আমাদের নিজেদের স্বাভাবিক স্টাইলে খেলেই হারব। ভয় পাওয়ার কী আছে, বিশ্বকে দেখাও আমরা কী করতে পারি।
এই বার্তার পর সম্পূর্ণ ভিন্ন এক আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে থ্রি লায়ন্সরা। জুড বেলিংহামের দুর্দান্ত এক গোল দলকে এগিয়ে নেওয়ার পর বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড গোল করে ৪-২ ব্যবধানে দলের বড় জয় নিশ্চিত করেন ইংলিশরা।




