লেবাননে অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিদের দেশে ফেরার প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। দ্বিতীয় ধাপে আরো ১৭০ জন বাংলাদেশি প্রবাসীর জরিমানা ছাড়া এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দিয়েছে লেবাননের জেনারেল সিকিউরিটি।
এর আগে প্রথম ধাপে ১৩০ জনের আবেদন অনুমোদিত হয়েছিল। ফলে বিশেষ এই সুবিধার আওতায় দুই ধাপে মোট ৩০০ জন বাংলাদেশি প্রবাসী কোনো রকম জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার আইনি সুযোগ পেলেন।
অনুমোদনপ্রাপ্তদের করণীয় সম্পর্কে অবহিত করতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক ব্রিফিংয়ের আয়োজন করে। এতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন এক্সিট ভিসা সংগ্রহের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, সার্ভিস চার্জ পরিশোধ, ভ্রমণ প্রস্তুতি এবং প্রত্যাবাসনের পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তিনি উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১০ মে শুরু হওয়া বিশেষ এই কার্যক্রমে ইতিমধ্যে ৬০০-এর বেশি অনিয়মিত বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। আবেদন গ্রহণ এখনো চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে আরো আবেদন লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।
বর্তমানে লেবাননে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়েছেন। বিশেষ করে দক্ষিণ লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধের কারণে অনেকেই কর্মহীন, বাস্তুচ্যুত এবং মানবিক সংকটে রয়েছেন। তাই জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগকে স্বস্তিদায়ক উদ্যোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনুমোদনপ্রাপ্তদের এক্সিট ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে তাদের দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে।




