ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। এ আলোচনা হচ্ছে সংসদেও। তবে এসব আলোচনার মধ্যেই যুবকদের জন্য বিশেষায়িত একটি ব্যাংক খুলতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষায়িত এ ব্যাংকের নাম প্রস্তাব করা হয়েছে ‘যুব ব্যাংক’।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উপস্থিতিতে ৭ মে অনুষ্ঠিত এক সভায় এ নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় অনেক যুবক প্রয়োজনীয় জামানত, অভিজ্ঞতা বা আর্থিক সক্ষমতার অভাবে সহজে ঋণ সুবিধা পায় না। এর ফলে সম্ভাবনাময় অনেক উদ্যোগ বাস্তবায়নের সুযোগ হারিয়ে যায়। এ পরিপ্রেক্ষিতে যুববান্ধব একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করা হয়, যেখানে যুবকরা সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারবে এবং উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনায় আর্থিক সহায়তা পাবে। সভায় আরো বলা হয় এ ব্যাংক যুবদের দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বণিকবার্তা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে।
সভায় উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে ‘যুব ব্যাংক’ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই, ব্যাংকের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা, অর্থায়ন কাঠামো ও প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘যুব ব্যাংক’ বিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘আমরা ইতিমধ্যে এক ধরনের ব্যাংকিং করি। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যারা প্রশিক্ষণ নেয়, তাদেরকে সিড ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এ বিষয়টিকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেয়ার জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হচ্ছে। যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে বা উদ্যোক্তা হতে চায়, তাদেরকে সহায়তা করার জন্যই আমাদের এ উদ্যোগ। যদিও এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখানে বিভিন্ন অংশীজনের পরামর্শ নেয়া হবে।’
বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তিনটি বিশেষায়িত ব্যাংক আছে। বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক (পিকেবি)। এর বাইরে আছে তফসিল-বহির্ভূত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক। বিশেষায়িত এসব ব্যাংক মূলধন ঘাটতি, লোকসানসহ বহুমুখী সংকটে ভুগছে।
কৃষকদের ভাগ্য উন্নয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কৃষি ব্যাংক নিজেই অস্তিত্ব সংকটে রয়েছে। বছরের পর বছর লোকসান দিয়ে যাওয়া বিশেষায়িত এ ব্যাংকটির মূলধন ঘাটতি ঠেকেছে ২৯ হাজার ২০৭ কোটি টাকায়। কেবল গত ছয় অর্থবছরেই এ ব্যাংকটি ১৯ হাজার কোটি টাকার বেশি নিট লোকসান গুনেছে। ব্যাংকটির ঋণখেলাপির চিত্রও উদ্বেগজনক। গত বছরের জুন শেষে বিতরণকৃত ঋণের ৪৯ দশমিক ৪৪ শতাংশই ছিল খেলাপির খাতায়।
একই অবস্থা বিশেষায়িত বাকি ব্যাংকগুলোরও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে বিশেষায়িত সরকারি ব্যাংকগুলো মোট ৪৭ হাজার ৮৬ কোটি টাকার ঋণ বিতরণ করেছিল। এর মধ্যে ১৯ হাজার ১৭৫ কোটি টাকাই খেলাপির তালিকায় থেকে গেছে। সে হিসাবে এ ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৪০ দশমিক ৭২ শতাংশ।
প্রবাসীদের কল্যাণের উদ্দেশ্যে ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করা হয়েছিল। যদিও প্রতিষ্ঠার দেড় দশকেও প্রবাসীদের কল্যাণে বড় কোনো ভূমিকা রাখতে পারছে না বিশেষায়িত এ ব্যাংকটি। সরকারি অন্য ব্যাংকগুলোর মতো এ ব্যাংকটিও লোকসান গুনছে। সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার পরও গত অর্থবছরে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোকসান ছিল প্রায় শতকোটি টাকা। অথচ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ২০১৮ সালে এ ব্যাংকটিকে বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত করা হয়েছিল।
দেশে বর্তমানে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে ছয়টি। তফসিলভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে ৪৩টি ও বিদেশী ব্যাংক রয়েছে নয়টি। এছাড়া রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক রয়েছে তিনটি। এর বাইরে তফসিল-বহির্ভূত রয়েছে আরো পাঁচটি ব্যাংক।





