• ই-পেপার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী হতে পারে যে ফল

চুলের যত্নে নারকেল তেলের সঙ্গে মেশাতে পারেন যে ৫ উপাদান

জীবনযাপন ডেস্ক
চুলের যত্নে নারকেল তেলের সঙ্গে মেশাতে পারেন যে ৫ উপাদান
সংগৃহীত ছবি

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার বহু যুগ ধরে প্রচলিত। প্রাকৃতিক এই তেল শুধু চুলকে নরম ও উজ্জ্বল রাখে না, বরং চুলের গোড়া মজবুত করতে এবং চুল ভাঙা কমাতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড চুলের ভেতরে প্রবেশ করতে পারে, যা চুলের প্রোটিন ক্ষয় কমাতে সাহায্য করে। ফলে চুল থাকে আরো স্বাস্থ্যকর, মজবুত এবং প্রাণবন্ত। তবে নারকেল তেলের সঙ্গে কিছু উপকারী উপাদান মিশিয়ে ব্যবহার করলে এর উপকারিতা আরও বৃদ্ধি পেতে পারে। জেনে নিন এমন ৫টি কার্যকর সংমিশ্রণের কথা।

নারকেল তেল ও মেথি

মেথি বীজে রয়েছে প্রোটিন, আয়রন, ফ্ল্যাভোনয়েড ও নিকোটিনিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা চুলের বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয়। এছাড়া মেথিতে থাকা লেসিথিন মাথার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমায়।

ব্যবহার পদ্ধতি
২ টেবিল চামচ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট তৈরি করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বক ও চুলে লাগান।

নারকেল তেল ও ভৃঙ্গরাজ

আয়ুর্বেদে ভৃঙ্গরাজকে ‘ভেষজের রাজা’ বলা হয়। এটি চুলের বৃদ্ধি বাড়াতে এবং অকালেই চুল পেকে যাওয়া প্রতিরোধে সহায়ক বলে প্রচলিত ধারণা রয়েছে।

ব্যবহার পদ্ধতি
আধা কাপ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ শুকনো ভৃঙ্গরাজ গুঁড়ো মিশিয়ে ১৫ মিনিট হালকা আঁচে গরম করুন। ঠান্ডা হলে ছেঁকে কাচের বোতলে সংরক্ষণ করুন এবং নিয়মিত ব্যবহার করুন।

নারকেল তেল ও কালোজিরা

কালোজিরায় থাকা থাইমোকুইনোন শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান হিসেবে পরিচিত। এটি মাথার ত্বকের প্রদাহ ও জ্বালাভাব কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি চুলের গোড়াকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকেও সুরক্ষা দেয় বলে মনে করা হয়।

ব্যবহার পদ্ধতি
গুঁড়ো করা কালোজিরা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে ব্যবহার করতে পারেন।

নারকেল তেল ও লবঙ্গ

চুলের যত্নে লবঙ্গের ব্যবহার খুব বেশি পরিচিত না হলেও এটি বেশ উপকারী হতে পারে। লবঙ্গে থাকা ইউজেনল অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণে সমৃদ্ধ, যা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এটি রক্তসঞ্চালন বাড়াতেও ভূমিকা রাখতে পারে।

ব্যবহার পদ্ধতি
৪ থেকে ৫টি লবঙ্গ নারকেল তেলে হালকা গরম করুন। ঠান্ডা হলে সেই তেল মাথার ত্বকে মালিশ করুন।

নারকেল তেল ও রোজমেরি অয়েল

বর্তমানে চুলের বৃদ্ধির জন্য রোজমেরি অয়েল বেশ জনপ্রিয় একটি প্রাকৃতিক উপাদান। এটি মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে এবং প্রদাহ কমাতে সহায়তা করতে পারে।

ব্যবহার পদ্ধতি
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ৫ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে ১০-১৫ মিনিট মাথার ত্বকে ম্যাসাজ করুন। সারা রাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

যদিও এসব প্রাকৃতিক উপাদান চুলের যত্নে সহায়ক হতে পারে, তবে সবার ত্বক ও চুলের ধরন এক নয়। তাই নতুন কোনো উপাদান ব্যবহার করার আগে অল্প পরিমাণে পরীক্ষা করে নেওয়া ভালো। কোনো ধরনের অ্যালার্জি বা সমস্যা দেখা দিলে ব্যবহার বন্ধ করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে নারকেল তেলের সঙ্গে এই উপাদানগুলোর সংমিশ্রণ হতে পারে একটি সহজ ও কার্যকর সমাধান।

সূত্র : এই সময়

ব্রাজিলিয়ানদের প্রিয় খাবার ‘ফেইজোয়াদা’, যেভাবে এলো এই ঐতিহ্যবাহী স্টু

জীবনযাপন ডেস্ক
ব্রাজিলিয়ানদের প্রিয় খাবার ‘ফেইজোয়াদা’, যেভাবে এলো এই ঐতিহ্যবাহী স্টু
সংগৃহীত ছবি

ফুটবল তারকা নেইমারের দেশ ব্রাজিলকে আমরা সবাই চিনি তাদের সাম্বা নাচ, সঙ্গীত আর ফুটবলের প্রতি ভালোবাসার জন্য। কিন্তু ফুটবল মাঠের বাইরেও ব্রাজিলের আরেকটি জিনিস বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়, আর তা হলো তাদের ঐতিহ্যবাহী খাবার ‘ফেইজোয়াদা ব্রাসিলেইরা’। মাংস ও শিমের মিশ্রণে তৈরি এই স্টু বা ঘন ঝোলকে বলা হয় ব্রাজিলের জাতীয় খাবার। দেশটির মানুষের কাছে এটি কেবল একটি খাবার নয়, বরং এক টুকরো ‘আত্মার খোরাক’।

‘ফেইজোয়াদা’ আসলে কী?
পর্তুগিজ শব্দ ‘ফেইজাও’ (যার অর্থ শিম) থেকে এই খাবারের নাম হয়েছে ফেইজোয়াদা। এটি মূলত বিভিন্ন ধরনের শিম এবং গরু বা শূকরের মাংস একসাথে অনেক সময় ধরে অল্প আঁচে মাটির পাত্রে রান্না করা একটি বিশেষ স্টু। ব্রাজিলের একেক অঞ্চলে এটি একেকভাবে রান্না করা হয়। যেমন রিও ডি জেনেইরোতে কালো শিম দিয়ে এটি তৈরি করা হলেও, বাহিয়া অঞ্চলে লাল বা বাদামী শিম বেশি জনপ্রিয়। ঐতিহ্যবাহী রান্নায় মাংসের বিভিন্ন অংশ ব্যবহার করা হলেও, আধুনিক রেস্টুরেন্টগুলোতে এখন স্মোকড সসেজ, বেকন বা গরুর মাংস দিয়ে এটি পরিবেশন করা হয়।

ফেইজোয়াদার ইতিহাস নিয়ে চমৎকার কিছু তথ্য রয়েছে। অনেকেই বিশ্বাস করেন, ব্রাজিলের দাসপ্রথার সময় এই খাবারের জন্ম। সে যুগে দাসেরা তাদের মালিকদের ফেলে দেওয়া মাংসের টুকরো আর শিম দিয়ে এই স্টু তৈরি করত। তবে আধুনিক গবেষকদের মতে, এটি মূলত ইউরোপীয় বসতি স্থাপনকারীদের মাধ্যমে এসেছে। কম খরচে ও কম পরিশ্রমে অনেক মানুষের খাবার একসঙ্গে তৈরি করার সহজ উপায় হিসেবে তারা এই মাংস-শিমের স্টু রান্না শুরু করেছিল।

ব্রাজিলিয়ানরা সাধারণত সাদা ভাত, বেকন ও কুচানো সবজির সাথে ফেইজোয়াদা উপভোগ করেন। সাথে থাকে কমলার ফালি, যা এই ভারী খাবারটি সহজে হজম করতে সাহায্য করে। খাবার শেষে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় পানীয় ‘কাইপিরিনহা’ (আখের রস থেকে তৈরি বিশেষ পানীয়) দিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা।

ব্রাজিলে ফেইজোয়াদা খাওয়ার অর্থ হলো—সবাই মিলে আনন্দ করা। সাধারণত সপ্তাহের ছুটির দিনগুলোতে পরিবার ও বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতে অলস দুপুরে এই ভারী খাবারটি খাওয়া হয়। আপনি যদি কখনো ব্রাজিলের রিও ডি জেনেইরোতে যান, তবে সেখানকার ‘কাসা দা ফেইজোয়াদা’ বা ‘বার মিনেরো’র মতো বিখ্যাত জায়গাগুলো থেকে এই আসল ফেইজোয়াদার স্বাদ নিতে ভুলবেন না যেন!

টানা ৭ দিন ডাবের পানি খেলে কী হয় শরীরে?

জীবনযাপন ডেস্ক
টানা ৭ দিন ডাবের পানি খেলে কী হয় শরীরে?
সংগৃহীত ছবি

গরমে এক গ্লাস ঠাণ্ডা ডাবের পানি যেন মুহূর্তেই স্বস্তি এনে দেয়। প্রাকৃতিক এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, শরীরের জন্যও রয়েছে নানা উপকারিতা। তাই অনেকেই নিয়মিত ডাবের পানি পান করেন। কিন্তু টানা ৭ দিন ডাবের পানি খেলে শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে? এর কি শুধু উপকারই আছে, নাকি কিছু সতর্কতার বিষয়ও রয়েছে?

শরীরকে হাইড্রেটেড রাখে

ডাবের পানির সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে। গরমে অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় খনিজ বের হয়ে যায়। ডাবের পানিতে থাকা প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট, বিশেষ করে পটাশিয়াম ও সোডিয়াম, সেই ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখে। ফলে ক্লান্তি ও অবসাদ কিছুটা কমতে পারে।

হজমে সাহায্য করে

ডাবের পানিতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান হজম প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার পর অনেকেরই অস্বস্তি বা বদহজমের সমস্যা দেখা দেয়। নিয়মিত ডাবের পানি পান করলে হজম ভালো হতে পারে এবং পেট তুলনামূলক স্বস্তিতে থাকে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে

ডাবের পানিতে ক্যালোরি কম এবং চর্বি প্রায় নেই বললেই চলে। এছাড়া এটি পেট ভরা অনুভূতি তৈরি করতে সাহায্য করতে পারে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কিছুটা কমে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে শুধু ডাবের পানি খেয়ে ওজন কমানো সম্ভব নয়; এর সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমও প্রয়োজন।

lll

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে

শরীর পর্যাপ্ত হাইড্রেটেড থাকলে তার ইতিবাচক প্রভাব ত্বকেও দেখা যায়। নিয়মিত ডাবের পানি পান করলে ত্বক আর্দ্র রাখতে সাহায্য করতে পারে। অনেকের ক্ষেত্রে ব্রণ, রুক্ষতা বা ক্লান্ত দেখানো ত্বকের সমস্যা কিছুটা কমতে পারে।

চুল ও নখের জন্য উপকারী

ডাবের পানিতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান চুলের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এটি চুলের গোড়া মজবুত রাখতে সহায়তা করে বলে মনে করা হয়। পাশাপাশি ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম নখের ভঙ্গুরতা কমাতে এবং নখকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করতে পারে।

চোখের নিচের ফোলা ভাব কমাতে সহায়ক

শরীরে পানির ভারসাম্য ঠিক থাকলে চোখের নিচের ফোলা ভাব কিছুটা কমতে পারে। পর্যাপ্ত হাইড্রেশন ত্বকের স্বাভাবিক সতেজতা বজায় রাখতেও সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতায় ভূমিকা

ডাবের পানিতে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করতে পারে। এছাড়া এটি ইউরিনারি ট্র্যাক্টকে সুস্থ রাখতে সহায়ক বলেও মনে করা হয়।

kk
কখন ডাবের পানি খাওয়া ভালো?

কখন ডাবের পানি খাওয়া ভালো?

অনেক বিশেষজ্ঞের মতে, সকালে খালি পেটে ডাবের পানি পান করলে শরীর দ্রুত পুষ্টি উপাদান শোষণ করতে পারে। এছাড়া শরীরচর্চা, দীর্ঘক্ষণ রোদে থাকার পর বা অতিরিক্ত ঘামের পর ডাবের পানি পান করলে বেশি উপকার পাওয়া যায়।

ডাবের পানির কিছু সীমাবদ্ধতাও আছে

ডাবের পানি উপকারী হলেও সবার জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে।

  • কিডনির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের অতিরিক্ত ডাবের পানি পান করা ঠিক নয়, কারণ এতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে।
  • ডায়াবেটিস রোগীদেরও পরিমাণ বুঝে পান করা উচিত, কারণ এতে প্রাকৃতিক শর্করা রয়েছে।
  • অতিরিক্ত পান করলে কারও কারও পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে।
  • ডাবের পানি কোনো রোগের চিকিৎসা নয় এবং এটি ওষুধের বিকল্পও নয়।

lll

শেষকথা

টানা ৭ দিন ডাবের পানি খেলে শরীরে কোনো অলৌকিক পরিবর্তন না এলেও হাইড্রেশন, হজম, ত্বকের আর্দ্রতা ও সামগ্রিক সতেজতা বজায় রাখতে সাহায্য করতে পারে। তবে সর্বোচ্চ উপকার পেতে হলে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডাবের পানিকে স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে গ্রহণ করাই সবচেয়ে ভালো।

শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য কমলে কী কী সমস্যা হয়?

জীবনযাপন ডেস্ক
শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য কমলে কী কী সমস্যা হয়?
সংগৃহীত ছবি

বাইরে কখনো ভ্যাপসা গরম, আবার কখনো হুটহাট বৃষ্টি। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় আমাদের শরীরে নানারকম নেতিবাচক প্রভাব পড়ে। অতিরিক্ত গরমে ঘেমে যাওয়ার কারণে এই সময়ে যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দেয়, তা হলো শরীরে ‘ইলেকট্রোলাইটের’ ভারসাম্য নষ্ট হওয়া।

ইলেকট্রোলাইট হলো সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো কিছু প্রয়োজনীয় খনিজ উপাদান। এগুলো আমাদের শরীরে পানির ভারসাম্য ঠিক রাখে এবং পেশি, স্নায়ু ও হৃৎপিণ্ডকে সচল রাখতে সাহায্য করে। অতিরিক্ত ঘামের সাথে শরীর থেকে এই খনিজগুলো বেরিয়ে গেলে বড় ধরনের শারীরিক বিপর্যয় ঘটতে পারে। অনেক সময় এর লক্ষণগুলো স্পষ্ট না হওয়ায় আমরা অবহেলা করি। চলুন, জেনে নিই শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি বোঝার ৭টি প্রধান লক্ষণ।

অনবরত মাথাব্যথা
ওষুধ খাওয়ার পরও যদি মাথার যন্ত্রণা না কমে, তবে সতর্ক হওয়া জরুরি। শরীরে খনিজের ভারসাম্য নষ্ট হলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। ফলে মাইগ্রেনের মতো সমস্যাও হঠাৎ বেড়ে যেতে পারে।

পেশিতে টান ধরা বা আড়ষ্টতা
কোনো ভারী কাজ না করার পরও যদি হঠাৎ পায়ে বা পিঠের পেশিতে টান ধরে, তবে বুঝতে হবে শরীর পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতিতে ভুগছে। পেশি আড়ষ্ট হওয়া বা কাঁপুনি ওঠাও এর অন্যতম লক্ষণ।

বুক ধড়ফড় করা
ক্যালশিয়াম ও পটাশিয়াম আমাদের হার্টের স্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে। শরীরে এই উপাদানগুলোর মাত্রা কমে গেলে হৃৎস্পন্দনের ছন্দ বিগড়ে যায় এবং হঠাৎ বুক ধড়ফড়ানির মতো অস্বস্তি তৈরি হয়।

মাথা কাজ না করা বা মনোযোগের অভাব
কাজে মন না বসা, বারবার ছোটখাটো ভুল হওয়া কিংবা পরিষ্কারভাবে চিন্তাভাবনা করতে না পারা—ইলেকট্রোলাইটের ঘাটতির বড় লক্ষণ। মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতার জন্য এই খনিজগুলো অত্যন্ত প্রয়োজনীয়।

অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
পর্যাপ্ত ঘুমানোর পরও যদি শরীর অলস ও প্রচণ্ড ক্লান্ত লাগে, তবে বুঝতে হবে কোষগুলো প্রয়োজনীয় খনিজের অভাবে ভুগছে। ঘামের মাধ্যমে খনিজ বের হয়ে যাওয়ায় শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে।

বমি ভাব বা গ্যাস্ট্রিকের অস্বস্তি
কেবল গ্যাস্ট্রিকের কারণেই নয়, শরীরে খনিজের ভারসাম্য নষ্ট হলেও প্রচণ্ড গা গুলানো বা বমি বমি ভাব হতে পারে।

যতই পানি খান, পিপাসা না মেটা
শরীরে পানির ভারসাম্য ধরে রাখে এই খনিজগুলো। এগুলোর ঘাটতি হলে শরীর দ্রুত জলশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ে। ফলে অসম্ভব জল পিপাসা পায়। তখন যতই পানি পান করা হোক না কেন, মনে হয় তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না।

গরমে সুস্থ থাকতে শুধু সাধারণ পানি না খেয়ে মাঝেমধ্যে ডাবের পানি, লেবুর শরবত বা খাবার স্যালাইন খাওয়া উচিত। এতে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য দ্রুত ফিরে আসে।

সূত্র : আনন্দবাজার