খুলনা মহানগরীর সদর থানার রূপসা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইতি (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে। স্থানীয় সূত্রের দাবি, তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের বোন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে এসে হেলমেট পরা দুই যুবক শিক্ষার্থী ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কে বা কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’



