পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়ক ও রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের নেত্রী ভারতে পালিয়ে আছে তারা কি করে রাজনীতি করার সাহস দেখায়? আগামীতে চাটমোহরের কোথাও যদি আওয়ামী লীগ উঁকি দেওয়ার চেষ্টা করে তাদের দাঁতভাঙা জবাব দেবে বিএনপি। আওয়ামী লীগ মিছিল করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বিএনপি আপনাদেরকে শান্তিতে রেখেছে, আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। গুপ্ত মিছিল করে অশান্তি সৃষ্টি করতে চাইলে আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক খোকন প্রধান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব এবং মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনিসহ প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার (১ জুলাই) বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়ে। পরে সেখানে গিয়ে কাউকে না পেয়ে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় মূলগ্রাম ইউনিয়ন বিএনপি।




