• ই-পেপার

রেললাইনে উঠে গেল ট্রাক, দুই ট্রেনের সূচি বিপর্যস্ত

নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে অনামিকা দাস (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনামিকা দাস ওই গ্রামের আবুল চন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় সুরুজ আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে পাড়ার কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা। গোসলের একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে অটো-সিএনজির পূর্বের ভাড়া বহাল থাকবে : বিসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
বরিশালে অটো-সিএনজির পূর্বের ভাড়া বহাল থাকবে : বিসিসি প্রশাসক
সংগৃহীত ছবি

বরিশালে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ভাড়া বাড়ছে না বলে জানিয়েছে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সোমবার (২৯ জুন) দুপুরে বরিশাল সিটি কপোরেশনের সভাকক্ষে এক আলোচনাসভা এ কথা জানান তিনি। 

বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় পূর্বের ভাড়া বহাল থাকবে। কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ বাড়তি ভাড়া চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি জানান, সোমবার থেকে শহরের অবৈধ সব যানবাহনের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, যারা অবৈধভাবে অটোরিকশা তৈরি করছে, সেসব কারখানা বন্ধ করে দেওয়া হবে। আমরা শৃঙ্খলা ফেরাতে চাই।

এর আগে হঠাৎ করে বরিশাল নগরীতে চলাচলরত সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা নানা অজুহাতে ভাড়া বৃদ্ধি করে। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গত ২৮ জুন বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং অটোরিকশা আটক করে প্রতিবাদ জানান।

আলোচনাসভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীসহ অটোচালকরা উপস্থিত ছিলেন।

ভালুকায় ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। রবিবার (২৮ জুন) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে আঙ্গারগাড়া গ্রামের ওয়াইজ উদ্দিনের বাড়ির পাশের একটি পল্লী বিদ্যুতের খুঁটি থেকে কয়েকজন ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে।

আটকরা হলেন, ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের আবদুর রশিদের ছেলে আলমগীর হোসেন (২৫) এবং ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়াপাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (২৬)।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগেও একই খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছিল। পরে এলাকার গ্রাহকদের অর্থায়নে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জনতার হাতে আহত দুই যুবককে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গানে-আবৃত্তিতে মহাকবিকে স্মরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
গানে-আবৃত্তিতে মহাকবিকে স্মরণ
মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকীতে সোমবার তার জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে মধুসূদন একাডেমির পক্ষ থেকে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: কালের কণ্ঠ

গান, আবৃত্তি, আলোচনাসভা ও মধুসূদনের আবক্ষ মূর্তিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করেছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি-সাহিত্যিকরা। 

আজ সোমবার (২৯ জুন) মহাকবির ১৫৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মহাকবির জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে পালন করা হয় এসব  কর্মসূচি। মধুসূদন একাডেমির উদ্যোগে মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, আবৃত্তি, মধুগীতি পরিবেশনসহ ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি দেওয়া হয়।

মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে মধুসূদন মিউজিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেন (তানভীর দুলাল)।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক, কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কবি মকবুল মাহফুজ, অপু দেবনাথ, ছড়াকার রিয়াজ লিটন, সাগরদাঁড়ির আলোকচিত্রী মুফতি তাহেরুজ্জামান তাছু প্রমুখ।

মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদপারের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন। 

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। সাগরদাঁড়ির মধুপল্লীর ভেতর আলোচনাসভার পাশাপাশি কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন অন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সাগরদাঁড়ির মুধপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।