• ই-পেপার

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব

হার্ডওয়্যারের দোকানে ২৮ কেজি ওজনের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে

সাতক্ষীরা প্রতিনিধি
হার্ডওয়্যারের দোকানে ২৮ কেজি ওজনের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে ২৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খুলে ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পেয়ে আঁতকে ওঠেন তিনি। তার ডাক-চিৎকারে পাশের দোকানের লোকজন জড়ো হয়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে বনকর্মী ও সিপিজি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে সে সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ

‘ঘুমের ওষুধ খাইয়ে’ স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
‘ঘুমের ওষুধ খাইয়ে’ স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লায় ‘স্বামীর পরকিয়ার জেরে’ স্বামী জাহাঙ্গীর আলমকে (৪২) ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা আক্তার মুন্নির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পশ্চিম দেলপাড়া মির্জাবাড়ি মোড় (চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ওসি মো. মাহবুবুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে জাহাঙ্গীর আলম জনিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে, হাতের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর সকালে অভিযুক্ত নিজেই এলাকাবাসীর কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী

খবর পেয়ে ফতুল্লা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহবুবুল আলম কালের কণ্ঠকে জানান, পারিবারিক কলহ ও স্বামীর পরকিয়ার জেরে স্বামীকে চাকু দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টঙ্গী

মাজার বস্তিতে র‌্যাবের অভিযান, মিলল সুড়ঙ্গের সন্ধান

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
মাজার বস্তিতে র‌্যাবের অভিযান, মিলল সুড়ঙ্গের সন্ধান
গাজীপুরের টঙ্গী হাজার বস্তিতে অভিযানে সুড়ঙ্গপথ আবিষ্কার করে র‌্যাব। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও গাজীপুরের সীমান্ত রেখা তুরাগ নদের উত্তর তীরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে র‌্যাবের অভিযানের খবরও আগেই জেনে যায় মাদক কারবারিরা। ফলে পুলিশের ধারাবাহিক অভিযানের মতোই র‌্যাবের এ অভিযানে কোনো মাদক কারবারি বা পৃষ্ঠপোষক গ্রেপ্তার হননি। 

রবিবার (২৮ জুন) রাতে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিমের নেতৃত্বে টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। অভিযানে মাদক কারবারিদের ব্যবহৃত কয়েকটি সন্দেহজনক গোপন কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়।

টঙ্গীর মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি কক্ষের ভেতর বিশেষভাবে প্রস্তুত গোপন জায়গা এবং মাদক কারবারিদের যাতায়াতের জন্য ব্যবহৃত সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। তবে অভিযানের আগেই খবর ছড়িয়ে পড়ায় মাদক কারবারিরা আত্মগোপনে চলে যান বলে ধারণা করা হচ্ছে। ফলে অভিযানে কোনো মাদকের সঙ্গে জড়িত উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিম গণমাধ্যমকে  বলেন, মাদক নির্মূলে র‍্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে। টঙ্গীর মাজার বস্তিসহ যেসব এলাকায় মাদক কারবারের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরো জোরদার করা হবে। 

র‌্যাব অধিনায়ক আরো বলেন, অভিযানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই)  হানিফ কালের কণ্ঠকে বলেন, গতরাতে র‌্যাব হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে কিছু পায়নি বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জব্দ তালিকা শূন্য।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
ছবি: কালের কণ্ঠ

ঝড়োহাওয়ায় পদ্মার নদীর পানি উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর সোয়া ২টা থেকে সেখানে সাময়িকভাবে সব লঞ্চসার্ভিস বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কালের কণ্ঠকে জানান, প্রবল ঝড়োহাওয়ার কারণে পদ্মা নদীর পানি অনেকটা উত্তাল হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে সোমবার (১৮ মে) দুপুর সোয়া ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।