• ই-পেপার

সড়ক পার হচ্ছিলেন ছাত্রশিবির নেতা, মোটরসাইকেল কেড়ে নিল প্রাণ

রাঙামাটিতে গৃহবধূ আয়েশা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে গৃহবধূ আয়েশা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

রাঙামাটি জেলার বরকল উপজেলার বরুণাছড়ি এলাকায় সংঘটিত গৃহবধূ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন, বরকল থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

গ্রেপ্তাররা হলেন সোহাগ (১৭) ও ওমর আলী (১৯)। তারা উভয়েই বরনাছড়ি (ইসলামপুর) এলাকার বাসিন্দা। গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন নিহত আয়েশা বেগমের আপন ভাতিজা, অন্যজন দূরসম্পর্কের নাতি। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের পর লুট হওয়া নগদ ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানায়, গত ২১ জুন বিকেলে বরকল থানাধীন ১ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরনাছড়ি (ইসলামপুর) এলাকায় নিজ বসতঘরে নিহত হন গৃহবধূ আয়েশা বেগম (৪৯)। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে বরকল থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে বিশেষ তদন্ত ও অভিযান পরিচালনা করা হয়। তদন্তের একপর্যায়ে গত ২৪ জুন সকালে মামলার সংশ্লিষ্ট দুই আসামিকে তাদের নিজ নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরো জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগের বাড়ির হাঁস-মুরগির ঘরের পাশে মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ওমর আলীর বাড়ির দক্ষিণ পাশের কলাবাগানের মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে আরো ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার অর্থের মোট পরিমাণ ১ লাখ ৯৯ হাজার টাকা, যা হত্যাকাণ্ডের সময় লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

লাকসাম

সংসদে বসে সরাসরি বাজেট অধিবেশন দেখবেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
সংসদে বসে সরাসরি বাজেট অধিবেশন দেখবেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে সরাসরি বাজেট অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। আজকের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টায় বিদ্যালয় থেকে ৪৩ জন শিক্ষক-শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামের সহযোগিতায় এ সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেনের সার্বিক সহায়তায় বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে পারবেন।’

এই ব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেনের বলেন, ‘জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার এই সুযোগ শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
 

স্বামীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেপ্তার স্ত্রী

অনলাইন ডেস্ক
স্বামীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেপ্তার স্ত্রী
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) রাতে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম সাজেদা আক্তার (২৬)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।

পুলিশ জানায়, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে নালিশি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার বিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে আটক, পিটুনির পর মৃত্যু

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে আটক, পিটুনির পর মৃত্যু
সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় চোর সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে  আটক করে পিটুনির পর শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শামসুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার (২৪ জুন) গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা আরো জানান, শাহাদাত দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও একাধিকবার চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন। সর্বশেষ বুধবার রাতে চুরির অভিযোগে তাকে আটক করা হলে পিটুনির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মত্তগ্রাম এলাকার সড়কের পাশে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’