• ই-পেপার

বাড়ির ভেতর মদের কারখানা, পুলিশের হানা

বন্ধের একদিন পরই খুলল সাদাপাথর পর্যটনকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বন্ধের একদিন পরই খুলল সাদাপাথর পর্যটনকেন্দ্র
সংগৃহীত ছবি

পরিস্থিতির উন্নতি হওয়ায় সাদাপাথর পর্যটনকেন্দ্র খুলে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও রবিন মিয়া বলেন, ‘ভারতের পাহাড়ি ঢলে সাদাপাথর এলাকা প্লাবিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।’

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে রবিবার সাদাপাথর এলাকার অন্তত ৫০টি অস্থায়ী দোকান ভেসে যায়। একইভাবে গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়। তবে একদিনের ব্যবধানে পরিস্থিতির উন্নতি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘সোমবার সকাল ছয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢল কম হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।’


 

সাপের কামড়ে গুরুতর আহত হওয়ার পর সাপসহ হাসপাতালে কৃষক

রাজবাড়ী প্রতিনিধি
সাপের কামড়ে গুরুতর আহত হওয়ার পর সাপসহ হাসপাতালে কৃষক
ছবি : কালের কণ্ঠ

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাপের কামড়ে গুরুতর আহত হয়ে সাপসহ হাসপাতালে হাজির হয়েছেন এক কৃষক। সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষকের নাম সহমান মোল্লা। তিনি রামকোল গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি খড়ের পালায় কাজ করার সময় হঠাৎ একটি সাপ সহমান মোল্লার ডান হাতে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে আহত কৃষককে নিয়ে হাসপাতালে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহমান মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, সাপটি সঙ্গে নিয়ে হাসপাতালে যাওয়ায় চিকিৎসকদের সাপ শনাক্ত করতে সুবিধা হয়েছে।

ভূরুঙ্গামারীতে মালবাহী ভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে মালবাহী ভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মালবাহী ভ্যানের ধাক্কায় আয়শা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে দৌড়ে রাস্তায় বের হলে ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরের দিকে যাওয়া একটি মালবাহী ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

গোপালগঞ্জ প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন
ছবি : কালের কণ্ঠ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী। এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আজ সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন (মঙ্গলবার) পযর্ন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনী সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছায়। তবে এই সেনাবাহিনী দলে কত প্লাটুন বা কতজন সেনা সদস্য রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও কাজ করছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সেনাবাহিনী পৌঁছানোর বিষয়টি নিশ্টিত করে বলেন, ‘গোপালগঞ্জে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আমরা সর্বদা সজাগ রয়েছি।’