বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফুলবরু (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) বিকেলে মোরেলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুলবরু মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত রোকা মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ফুলবরুকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহিদ শাহরিয়ার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফুলবরুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পরিবার সূত্র জানায়, ফুলবরুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




