খুলনার পাঁচ অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ জুন) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ তুষার শিকদার, গোবরচাকার আবরার ফয়সাল বাদিন, শেখপাড়া লোহাপট্টির আল আমিন, সোনাডাঙ্গার নবীনগর এলাকার আসিফ এবং টুটপাড়া জোড়াকল বাজার এলাকার সাজ্জাদ হোসেন সাব্বির।
সোমবার (২২ জুন) সকালে খুলনা মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহদুজ্জামান। তিনি বলেন, সম্প্রতি খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় মহানগরজুড়ে বিশেষ নজরদারি শুরু করা হয়। চলতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবেই গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।
উপ-পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা খুলনার বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।




