চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর ব্রিজের প্রবেশমুখে বর্ষণে সড়কের একটি অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে সেতুর সংযোগ সড়কে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের ফলে সেতুর সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়। বর্তমানে সড়কের একাংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। আরেক দফা ভারী বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত অংশ আরো ভেঙে পড়তে পারে। তখন পুরো সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
স্থানীয়দের বলছে ধসের স্থানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। না হলে রাতের বেলায় চলাচলকারী যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা প্রকৌশলী খালিদ হাসান জানান, সড়কটিতে উন্নয়নমূলক নির্মাণকাজ চলমান রয়েছে। তবে ধসের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘ঠিকাদারকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে গুরুত্বপূর্ণ এ সড়কে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।