• ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশনে হামলা, ব্রাজিল সমর্থক আটক

অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগ নেতা আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগ নেতা আটক
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় নাজমুল হুদা রাজু (৩৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে (৩০) আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) ভোরে উপজেলার ধোপাদীর মোড় ও সাভারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক নাজমুল হুদা রাজু চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে এবং আব্দুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও ধোপাদী মোড় এলাকার মৃত মো. আবু তালেবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘২০২৫ সালের নভেম্বর মাসের ১৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ ছাত্রলীগের একজনসহ মোট দুজনকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘রবিবার ভোরে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।’   

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুন) দুপুরে কোতোয়ালি থানাধীন রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পোলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে চুরির সন্দেহে ওই যুবককে আটক করে মারধর করা হয়। এক পর্যায়ে গণপিটুনির শিকার হয়ে স্কুলের সামনের ফুটপাতেই তিনি মারা যান। 

স্থানীয়দের দাবি, রেলওয়ে পাবলিক হাই স্কুলের নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করেন। সেই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে চাইলে স্থানীয় কিছু লোক বাধা সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নজমুন নূর কালের কণ্ঠকে বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সন্দেহে ওই যুবককে মারধর করা হলে তিনি মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। 

ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনার আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা
সংগৃহীত ছবি

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার সব নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে এবং বিভিন্ন এলাকায় নদীভাঙনও দেখা দিয়েছে।

রবিবার (২১ জুন) পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ২৪ দশমিক ৭০ মিটারে স্থিতিশীল রয়েছে, যা বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচে। তালুকশিমুলবাড়ী পয়েন্টে পানি কিছুটা কমে ২৯ দশমিক ৬৮ মিটারে নেমেছে, যা বিপৎসীমার ১ দশমিক ১৯ মিটার নিচে রয়েছে।

দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বেড়ে ২৮ দশমিক ৬১ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার নিচে। ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে পানির উচ্চতা যথাক্রমে ২৩ দশমিক ৮২ মিটার ও ২১ দশমিক ৪৬ মিটার রেকর্ড করা হয়েছে। উভয় পয়েন্টেই পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার কুড়িগ্রাম পয়েন্টে ৩০ মিলিমিটার, পাটেশ্বরীতে ২৫ মিলিমিটার এবং কাউনিয়ায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি বৃদ্ধির ফলে জেলার প্রায় ৩৫টি স্থানে নদীভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নদীর পানি বাড়তে শুরু করায় নিম্নাঞ্চলের কৃষিজমিতেও প্রভাব পড়ছে। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরবাধ এলাকার কৃষক আনোয়ার হোসেন জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তার বাদামক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ক্ষতির হাত থেকে বাঁচতে অপরিপক্ব বাদাম তুলতে বাধ্য হয়েছেন তিনি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কাও রয়েছে।

জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা পরিস্থিতি নিয়ে উদ্বেগে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে।

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোছা. মিরা বেগমের ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আল-আমীন শেখ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রবিবার (২১ জুন) সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর গ্রামের মো. সোনামদ্দিন শেখ সোনাইয়ের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিরা বেগম শহীদ ওহাবপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য। তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও গণসংযোগ চালিয়ে আসছিলেন। এ কারণে স্থানীয় আল-আমীন শেখ তার প্রতি ক্ষুব্ধ ছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে গত ২০ জুন রাত সাড়ে ৯টার দিকে মিরা বেগম গোয়ালন্দ মোড় কাঁচাবাজার হতে বাড়ি ফিরছিলেন। তিনি শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় হাজী মার্কেটের শামসুর পানের দোকানের সামনে পৌঁছালে সুযোগ বুঝে আল-আমীন শেখ হামলা চালান। রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মিরা বেগম গুরুতর আহত হন। হামলার এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তার ভ্যানিটি ব্যাগে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেন আল-আমীন। সে সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘আল-আমীন শেখকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।’