• ই-পেপার

নবীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

ফকিরহাট প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের ফকিরহাট মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মো. তৈয়ব আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) খুলনা-ঢাকা মহাসড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে দিনমুজুর তৈয়ব আলী শেখ বাড়ি থেকে বের হয়ে পালের হাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় খুলনাগামী দ্রুততম একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. তৈয়ব আলী শেখকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে, ঘটনার সময় প্রাইভেটকার নিয়ন্ত্রণ রাখতে না পেরে তৈয়ব আলীকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়টি। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। 

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ কিশোর

ফেনী প্রতিনিধি
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ কিশোর
সংগৃহীত ছবি

ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেয়েছে ৯ শিশু-কিশোর। একইসঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসালা মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন পেয়েছে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

শনিবার (২০ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে আলোর মশালের আয়োজনে তাদের পুরস্কারস্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।

বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হারুন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুল আফসার, আইআইইউসির প্রভাষক আহমদ শাহ মাসুদ সাইফুল, পূর্ব চন্দ্রপুর উন্নয়ন পরিষদের সভাপতি ফখরুল ইসলাম, আমুভূঞারহাট হাসানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব।

বেতুয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, সংস্থার সদস্য ডা. শাহজাহান, সমাজসেবক মনিরুল আজিম। আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য আবু বক্কর সিদ্দিক রাফি প্রমুখ।

আয়োজকরা জানান, শিশু-কিশোররা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারা এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে আলোর মশাল এ আয়োজন করে। এতে নামাজ পড়া প্রতিযোগিতায় তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর অংশ নেয়। তার মধ্যে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৯ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়। ৪১ জনকে স্কুলব্যাগসহ শিক্ষাসামগ্রী ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিরা।

আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘ঘোষণার পর থেকে শিশু-কিশোররা মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। পাশাপাশি প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে। একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।’

মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টির দায়ে হাসান উদ্দীন (৩৫) নামে গড়াই পরিবহনের এক চালককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার নূরবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, নূরবাগ এলাকায় মহাসড়কে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করার দায়ে ‘নিউ সুমন’ নামে গড়াই পরিবহনের চালক হাসান উদ্দীনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘সড়কে যানজট সৃষ্টির দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় একজন বাসচালককে চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী দুর্গাপুরে বৈদ্যুতিক লাইনে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় জাহাঙ্গীর আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আংরার বিলে এ ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর আলম (৩৫) একই গ্রামের রইস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুগিশো আংরার বিলে শত শত পুকুর রয়েছে। এই পুকুরগুলোতে পানি সেচকাজে ব্যবহৃত হয় বিদ্যুৎ। সকালে যুগিশো গ্রামের জাহাঙ্গীর আলম আংরার বিলে অবস্থিত বখতিয়ারপুর গ্রামের শরীফের পুকুরে সেচ কাজে যান। এ সময় সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর সংযোগ স্থাপনের সময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তের মধ্যেই তারে জড়িয়ে পড়ে পুকুর পাড়ে মারা যান। এ সময় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

নিহতের পিতা রইস উদ্দিন জানান, ছেলের দুটি সন্তান আছে। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি এর সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জানতে দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, আংরার বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।