• ই-পেপার

কালীগঞ্জে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি : কালের কণ্ঠ

দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতিবিরোধী জনমত সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক মো. মাসুদুর রহমান।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দুদক মাদারীপুরের সহকারী পরিচালক মো. আরিফুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক সাদিয়া সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, ‘দুর্নীতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বড় প্রতিবন্ধক। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে হবে।’

কর্মশালায় দুদকের উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেনসহ মাদারীপুর ও শরীয়তপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ১১টি কমিটির সদস্যরা অংশ নেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আড়াইহাজারে আসামিপক্ষের হামলায় ডিবির ৩ সদস্য আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে আসামিপক্ষের হামলায় ডিবির ৩ সদস্য আহত
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ৩ সদস্য মারধ‌রের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে তাঁদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের ৪ সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।

পুলিশ জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রুপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিল। তারা সাদা পোশাকে ছিল। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হয়। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের গিয়ে উদ্ধার করে। বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।

ছাতকে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতকে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আমির আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা পূর্বপাড়া গ্রামের ছুরাব আলীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালক এবং শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। নিহত আছিয়া বেগম (৩৫) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৮-১৯ বছর আগে তাদের বিয়ে হয়। গত ১৫ জুন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আলাপুর গ্রামের একটি কালভার্টের ওপর আছিয়া বেগমকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আমির আলী। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন দুপুরে আছিয়া বেগম মারা যান।

এ ঘটনায় নিহতের স্বজন আফিয়া বেগম বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি আমির আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ হত্যার ঘটনায় বিভিন্ন বিষয় সামনে আসছে। পরকিয়াজনিত বিরোধেরও কিছু আভাস পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’ 

তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। 

বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ী আটক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ী আটক
মো. আলী হুসেন। সংগৃহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে মো. আলী হুসেন (৩২) নামের এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) মধ্যরাতে তাকে আটক করা হয়।

আটক আলী হুসেন ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় মাদক চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড এলাকা থেকে আলী হুসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আলী হুসেন সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তবে তিনি দাবি করেন, মোবাইল ফোনের ডিসপ্লে–সংক্রান্ত ব্যবসার কাজে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, আটক ব্যক্তি সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। পরে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, বিজিবির সোপর্দ করা আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।