নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৭ জুন) বিকেলে নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভুইয়ার ছেলে কায়েস ভুইয়া (১৩)। মেরাজ বর্ণমালা স্কুলের দশম শ্রেণির এবং কায়েস একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
সহপাঠীরা জানায়, বুধবার দুপুরে স্কুল ফাঁকি দিয়ে সাত বন্ধু সোনারগাঁয়ের মেঘনা নদীতে ঘুরতে আসে। পরে তারা নদীতে গোসল করতে নামে। এ সময় কয়েকজন পানিতে বিপদে পড়লে তাদের উদ্ধার করা হলেও মেরাজ ও কায়েস নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ অনুসন্ধানের পর বিকেলে প্রথমে মেরাজ এবং পরে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, পরিবারের কাউকে না জানিয়েই তারা বন্ধুদের সঙ্গে নদীতে বেড়াতে এসেছিল। তাদের কেউই সাঁতার জানত না। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






