বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ। পর্যায়ক্রমে এদেশের প্রতিটি পরিবার এই কার্ডের আওতায় আসবে।
বুধবার (১৭ জুন) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট রোকেয়া সাত্তার স্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ভোটের আগে মানুষের মনে সন্দেহ ছিল যে এই সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মানুষের সেই সন্দেহ দূর করে তা বাস্তবায়ন শুরু হয়েছে।
মীর শাহে আলম বলেন, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ২০টি স্থানে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জে ৪২৮টি পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হলো। এসময় কার্ডের সঙ্গে একটি চারাগাছ বিতরণ করা হয়।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মুক্তার হাসান, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, ওসি শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর আবু জাকের মাকু, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।





