• ই-পেপার

জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, বাবাকে জড়িয়ে কাঁদলেন মেয়ে

টিউবওয়েল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
টিউবওয়েল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহার নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে বড় ভাই ইসমাইল মানিকের সঙ্গে তার ছোট ভাই রাজিব ইসলাম সাগরের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজিব কোদাল দিয়ে তার বড় ভাইয়ের ওপর আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত ইসমাইল মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত
ছবি: কালের কণ্ঠ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১১টার দিকে বানেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক (৬৭)। তারা মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।

আহতরা হলেন হাতেমের ছেলে লালন ও মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্র জানায়, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এদিকে ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের একটি ক্যারেটবাহী ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজার এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হন।

পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক মারা যান।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থলে একজন (আব্দুল খালেক প্রামাণিক) নিহত হয়েছেন। আরো তিনজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাচেন প্রামাণিক মারা যান। 

ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন, ব্যবসায়ী গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন, ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহন করার অপরাধে সাধন ঘোষ (৩৮) নামে এক ধান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধান বহনকারী ট্রাকসহ ৪৩১ বস্তা ধান জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার সাধন ঘোষ বটিয়াঘাটার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করা হয়। ট্রাকে থাকা ৪৩১ বস্তায় সরকারি সিল রয়েছে।

ধান ব্যবসায়ী সাধন ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান কিনে বাড়তি সুবিধার জন্য সরকারি বস্তায় ধান নিয়ে খুলনা উদ্দেশ্যে যাওয়ার পথে তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মো. হাসানুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি বস্তায় ধান বহন করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ট্রাকসহ বস্তাভর্তি ধান খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জীবা আমিন খান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জীবা আমিন খান
সংগৃহীত ছবি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য জীবা আমিন খান। বুধবার (১৭ জুন) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় কবর জিয়ারত করেন। এরপর তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। 

এসময় জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেবা আমিন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।