সারা দেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। চলতি ২০২৬ সালে চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় বসছে ৯৯ হাজার ৬৮৮ জন ছাত্রছাত্রী। যা গত বছরের তুলনায় ৩ হাজার ২৮৭ জন কম। গতবার এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৯৭৫ জন। এবার শিক্ষার্থী কমলেও অংশগ্রহণকারী কলেজের সংখ্যা বেশি। তবে কেন্দ্র কমেছে ১টি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ‘সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ১৫টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।’
বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, এই বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির মোট ২৮৩টি কলেজের মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ১১ হাজার ২৫৫ জন ছাত্র ও ১২ হাজার ৬৪৮ জন ছাত্রীসহ মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৯০৩ জন; মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন (ছাত্র ১৬ হাজার ৩৪২ জন ও ২৭ হাজার ৮৯৬ জন ছাত্রী); ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৫৮৫ জন ছাত্র এবং ১৫ হাজার ৯৫৪ জন ছাত্রীসহ মোট ৩১ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী; গাহর্স্থ্য বিভাগে ৮ জন ছাত্রী।
এদিকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম জেলার পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৯৭৪ জন; কক্সবাজার ১২ হাজার ২৫৫; রাঙামাটি জেলায় ৫ হাজার ৪৩৯; খাগড়াছড়িতে সাত হাজার ৩৫৩ জন; বান্দরবান জেলায় তিন হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১৪টি কেন্দ্রে। গতবার কেন্দ্র ছিল ১১৫টি। ২০২৫ সালে ২৭৭টি কলেজ থেকে পরীক্ষার্থী থাকলেও এবার ৬টি বেড়ে কলেজ সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩টিতে।




