• ই-পেপার

চীনের হোহাই ইউনিভার্সিটি থেকে রুবাইয়াত শবনম অনিকার কৃতিত্বপূর্ণ মাস্টার্স ডিগ্রি অর্জন

মনিপুর উচ্চবিদ্যালয়ে ৫ শাখাপ্রধান পদে শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
মনিপুর উচ্চবিদ্যালয়ে ৫ শাখাপ্রধান পদে শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সাধারণ শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। 

গতকাল বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মূল ক্যাম্পাসে বিদ্যমান প্রধান শিক্ষক ছাড়া বাকি পাঁচটি শাখার জন্য একজন করে পৃথক শাখাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শাখাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে রাজধানীর হাজারীবাগ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল হালিমকে মূল বালক ক্যাম্পাসে (৬০ ফিট রোড), কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলামকে রূপনগর আবাসিক এলাকার কলেজ ক্যাম্পাসে, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেনকে রূপনগর আবাসিক এলাকার ব্রাঞ্চ-১ ক্যাম্পাসে, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শেখ শাহরীয়ার হাসানকে ইব্রাহিমপুরে ব্রাঞ্চ-২ ক্যাম্পাসে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ নূর-এ-আলমকে শেওড়াপাড়ায় ব্রাঞ্চ-৩ ক্যাম্পাসের শাখাপ্রধান করা হয়েছে।

দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারক করবেন।

মতিঝিল আইডিয়ালে নতুন অধ্যক্ষ নিয়োগ

অনলাইন ডেস্ক
মতিঝিল আইডিয়ালে নতুন অধ্যক্ষ নিয়োগ

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা ক্যাডার থেকে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও অধ্যাপক (পদার্থবিদ্যা) লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ করা হয়েছে। 

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক লাল মোহাম্মদ কুষ্টিয়া সরকারি কলেজের সংযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদার্থবিদ্যাল অধ্যাপক লাল মোহাম্মদ আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবে।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক লাল মোহাম্মদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে জানানো হয়।

উপসচিব পদে শিক্ষা ক্যাডারের ৩৫৫ জনের আবেদন

অনলাইন ডেস্ক
উপসচিব পদে শিক্ষা ক্যাডারের ৩৫৫ জনের আবেদন

শিক্ষা ক্যাডারের ৩৫৫ জন কর্মকর্তা শিক্ষকতা পেশা ছেড়ে প্রশাসন ক্যাডারে উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের পর এসব কর্মকর্তা আবেদন করেন।

আবেদনকারীদের মধ্যে দেশের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা এবং শিক্ষা-সংশ্লিষ্ট প্রকল্পে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের আলোকে শিক্ষা ক্যাডারের নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের প্রশাসন ক্যাডারে পদোন্নতির সুযোগ তৈরি হওয়ায় আগ্রহী কর্মকর্তারা আবেদন জমা দিতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় মোট ৩৫৫ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন।

আবেদনকারীদের তালিকায় একদিকে যেমন বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষক রয়েছেন, তেমনি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ডসহ শিক্ষা প্রশাসনের নানা স্তরে দায়িত্ব পালন করা কর্মকর্তারাও রয়েছেন। এ ছাড়া শিক্ষা খাতের উন্নয়ন, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের একটি অংশও এই পদোন্নতির দৌড়ে যুক্ত হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের একটি অংশ দীর্ঘদিন ধরে প্রশাসনিক দায়িত্বে কাজ করলেও তাদের পদোন্নতি ও পদায়ন কাঠামো নিয়ে নানা ধরনের আলোচনা ছিল। নতুন এই সুযোগকে অনেকে ক্যারিয়ার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। তবে শিক্ষা ক্যাডার থেকে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তার প্রশাসন ক্যাডারে যেতে আগ্রহ দেখানোয় শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা খাতের জনবল ব্যবস্থাপনা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ নিষেধাজ্ঞা এবং যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (২৪ জুন) প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিফা বিশ্বকাপ-২০২৬ খেলা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। জরুরি সেবার আওতায় রয়েছে অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহন ও অন্যান্য সরকারি গাড়ি। তবে গণপরিবহন এবং ভারী যানবাহনের প্রবেশ সব সময়ই নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে উপরোক্ত সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে।