• ই-পেপার

ধর্ষণচেষ্টার ঘটনায় ৪০ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত, জাবিতে বিক্ষোভ

নোবিপ্রবিকে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নোবিপ্রবিকে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে : শিক্ষামন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নোবিপ্রবির সেই জায়গা, অবস্থান ও পরিবেশ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে একটি ‘ইনক্লুসিভ’ বা অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার সব ধরনের সুযোগ রয়েছে।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গত সপ্তাহেই মন্ত্রিসভায় বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে নার্সিং, মেডিক্যাল সায়েন্স, আইসিটির মতো বিষয়গুলো থাকবে। নোয়াখালী বিশ্ববিদ্যালয়েরও সেই ধরনের সক্ষমতা রয়েছে।’

মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ড’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পুরস্কার। এই স্বীকৃতি পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রাণিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তুলবে, যা আগামীর বাংলাদেশ গড়ার কাজে সহায়ক হবে।’

দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরের আহ্বান জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, ‘জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে তারা বিদেশে গিয়ে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে পারবে। এজন্য মাদ্রাসা শিক্ষাতেও কারিগরি বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়া হবে।’

পরীক্ষা ও শিক্ষক সংকট নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, ‘আগামী ২ জুলাই থেকে চলতি বছরের ৯টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই প্রশ্নে সারা দেশে অনুষ্ঠিত হবে। শিক্ষায় কোনো বৈষম্য রাখা হবে না।’

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক সংকট দ্রুতই কেটে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘হাইকোর্টে মামলার কারণে ২০১৭ সাল থেকে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ ছিল। বিষয়টি সংসদে উত্থাপনের পর আদালতের নজরে এসেছে। আগামী ২ জুলাই আপিল বিভাগে এটি নিষ্পত্তি হলে সমস্যার সমাধান হবে।’

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৯ জন কৃতি শিক্ষক ও শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং ৩ জন শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সভায় তিনি আসন্ন এইচএসসি পরীক্ষা যেন শতভাগ দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়, সেদিকে কঠোর নজরদারি রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

কৃষিবিদ ডা. শাহাদাতের ওপর হামলার ঘটনায় বাকৃবিতে প্রতিবাদ সভা

বাকৃবি প্রতিনিধি
কৃষিবিদ ডা. শাহাদাতের ওপর হামলার ঘটনায় বাকৃবিতে প্রতিবাদ সভা
ছবি : কালের কণ্ঠ

সম্প্রতি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে জাতীয়তাবাদী কৃষিবিদ ও পেশাজীবীবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, ডা. শাহাদাত হোসেন পারভেজ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) সাংগঠনিক সম্পাদক এবং অ্যাবের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি বাকৃবি ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৪ জুন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তার ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) ময়মনসিংহ চ্যাপ্টারের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সাদেকুজ্জামানের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এ ছাড়া কেন্দ্রীয় অ্যাব ও ময়মনসিংহ অ্যাবের সাবেক নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, ‘একজন পেশাজীবীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

বাকৃবি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন বলেন, ‘গত ৪ জুন কেআইবি চত্বরে আমাদের প্রিয় সহযোদ্ধা পারভেজের ওপর এক বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। ভাড়াটে গুণ্ডা লেলিয়ে দিয়ে তাকে যেভাবে মারধর করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হয়েছে, কোনো ছিনতাইকারী বা ডাকাতকেও হয়তো রাস্তাঘাটে এভাবে পেটানো হয় না, যেভাবে একজন জুলাইযোদ্ধার ওপর হামলা চালানো হয়েছে। ১৭ বছর ধরে ঢাকার রাজপথে সবার আগে থেকে লড়াই করা একজন জুলাইযোদ্ধার ওপর এমন জুলুম ও বর্বর আক্রমণ দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

‎তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য বা অনৈক্য থাকতেই পারে, কিন্তু একজনের গায়ে হাত তোলা বা কাউকে খুন করার মতো অপরাধী মানসিকতা যারা পোষণ করে, তাদের কোনো সংগঠনের নেতৃত্বে রাখা কোনোক্রমেই সমীচীন নয়। আমরা আর কোনো রক্তপাত বা অন্যায় সহ্য করবো না।’

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (২২ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা ধর্মীয় বিধি-নিষেধের কারণে সময়সূচি অনুযায়ী শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোতে নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শর্ত সাপেক্ষে পরীক্ষায় অংশ নেবে।

শর্তে বলা হয়, এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা শনিবার সকাল ১০টার আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হবে ও পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট কক্ষে অবস্থান করবে এবং তাদের জন্য নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর তাদের সাথে প্রবেশপত্রে বর্ণিত দ্রব্যের বাইরে কিছু থাকবে না। কোনো অবস্থাতেই তারা পরীক্ষাকেন্দ্রের নির্দিষ্ট কক্ষের বাইরে যেতে পারবে না এবং বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে না।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সম্ভাব্য সময় জানা গেল

অনলাইন ডেস্ক
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সম্ভাব্য সময় জানা গেল

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে। এরপর যাচাই-বাছাই শেষে বদলি কার্যক্রম শুরু করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ১৫ জুলাই পর্যন্ত শিক্ষকদের তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্তকরণের কার্যক্রম চলবে বলে মাউশির একটি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, জুলাইয়ের ১৫ তারিখের পর প্রাপ্ত তথ্যগুলো পুনরায় যাচাই করবে মাউশি। এরপরই শিক্ষকদের বদলি আবেদনের কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরু হতে পারে।

গতকাল রবিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারি করা ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।

তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে হঠাৎ করে সার্ভার শাটডাউন হয়ে যাওয়ায় মাঠপর্যায় থেকে তথ্য ও ডাটা সংগ্রহের কাজ কিছুটা বিঘ্নিত হয়। পরবর্তীতে সফটওয়্যারটির কারিগরি সমস্যা সমাধান হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তথ্য বা ডাটা ইনপুট দিতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য শেষ তারিখ ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। আঞ্চলিক উপপরিচালক (কলেজ)-এর জন্য শেষ তারিখ ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।