• ই-পেপার

শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

জবিতে প্রথম ডিনস অ্যাওয়ার্ড, সম্মাননা পেলেন ১০৪ শিক্ষার্থী

জবি প্রতিনিধি
জবিতে প্রথম ডিনস অ্যাওয়ার্ড, সম্মাননা পেলেন ১০৪ শিক্ষার্থী
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের ১০৪ জন কৃতী শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারটি শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এর মধ্যে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২৪ জন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ২৫ জন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২৮ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২৭ জন শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন নিজ নিজ অনুষদের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। কলা, বিজনেস স্টাডিজ, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এ সম্মাননায় ভূষিত হন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের মেধা ও উৎকর্ষ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এসময় তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার করে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজকের দিনটি একটি স্মরণীয় অধ্যায়। ডিনস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে নতুন দিগন্তের সূচনা করবে।’ তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধি, আবাসন সংকট নিরসন এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সরকারের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান হামিদ, আবদুল খালেক, অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।

স্বাগত বক্তব্য দেন ডিনস অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. পরিমল বালা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো।

সেমিস্টার সমাপনীর ৭ দিনের ছুটিতে যাচ্ছে বাকৃবি

বাকৃবি প্রতিনিধি
সেমিস্টার সমাপনীর ৭ দিনের ছুটিতে যাচ্ছে বাকৃবি
ছবি: কালের কণ্ঠ

পবিত্র আশুরা ও সেমিস্টার সমাপনী ছুটি উপলক্ষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বুধবার (১৭ জুন) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরা ও সেমিস্টার সমাপনী ছুটি উপলক্ষে আগামী ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সব অনুষদের সেমিস্টারের ক্লাস বন্ধ থাকবে। তবে উক্ত তারিখসমূহে নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘করোনা মহামারির এই প্রথম সেমিস্টার সমাপনীর ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। মাঝখানে সেশন জটের কারণে বেশ কয়েকবছর এটি বন্ধ ছিল। তবে এবার শুরু হওয়ার মাধ্যমে আগামীতে চালু থাকবে। প্রতি বছর জুন এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এখন থেকে এমন সেমিস্টার সমাপনী ছুটি পাবেন শিক্ষার্থীরা।’ 

বাকৃবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই, নবীনবরণ ৬ জুলাই

বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই, নবীনবরণ ৬ জুলাই
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ক্লাস আগামী ৭ জুলাই থেকে শুরু হবে। এর আগে ৬ জুলাই কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুখ আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষদ ও হলভিত্তিক ওরিয়েন্টেশন কার্যক্রমও সম্পন্ন করা হবে। পরদিন ৭ জুলাই থেকে সব অনুষদে নিয়মিত ক্লাস শুরু হবে।

নবাগত শিক্ষার্থীদের হলে ওঠার বিষয়ে জানানো হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের আগের দিন অর্থাৎ ৫ জুলাই সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠতে পারবেন। মাইগ্রেশনের মাধ্যমে বিভাগ পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের লটারির মাধ্যমে হল বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়া কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে এবং নির্ধারিত কোনো পরীক্ষা থাকলে তা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, আগামী ৬ জুলাই ১ম বর্ষের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নবীনবরণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। মিলনায়তনে সংস্কারকাজ চললেও নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করে অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কাঠামো, নিয়ম-কানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত থাকেন।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাকৃবির ৬টি অনুষদে মোট ১ হাজার ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
সংগৃহীত ছবি

আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জরুরি নির্দেশনা দিয়েছে। পরীক্ষাসংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে কন্ট্রোল রুম চালু, ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার এবং কেন্দ্রে প্রবেশের সময়সূচি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বোর্ড। বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

কন্ট্রোল রুম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

কন্ট্রোল রুমের ফোন নম্বর-

  • ০২-২২৩৩৬৯৮১৫
  • ০১৫৫০৪১১২০৩
  • ০১৭১৪৯৯৪০৭৩
  • ০১৭৫৬১০৩১৫২

এছাড়া ই-মেইল করা যাবে [email protected]-এই ঠিকানায়।

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে বোর্ড জানায়, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নন-প্রগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো— এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডাব্লিউ।

পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য শুধু পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্বের সব নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে শিক্ষা বোর্ড বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।