দেশে ক্যাশলেস বা নগদবিহীন আর্থিক লেনদেন জনপ্রিয় করা এবং ‘বাংলা কিউআর’ ব্যবহারে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন লেনদেনে কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে বৃহস্পতিবার দিনব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘বাংলা কিউআর লেনদেন বিষয়ক ক্যাম্পেইন’-এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর কবির আহমেদ।
অনুষ্ঠানে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাশরুর আরেফিনসহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো প্রাত্যহিক আর্থিক লেনদেনে ক্যাশলেস ব্যবস্থার কার্যকারিতা সরাসরি প্রদর্শন এবং বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ।
আরো পড়ুন
৬০ হাজার টন সার আমদানি করছে সরকার
বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি এফএমসিজি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ব্যাংক প্রাঙ্গণে এসব প্রতিষ্ঠানের অস্থায়ী স্টল স্থাপন করা হয়েছে, যেখানে কর্মকর্তা-কর্মচারীরা বাংলা কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা ও বিল পরিশোধের মাধ্যমে ডিজিটাল লেনদেনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, আগোরা, মীনা বাজার, এসিআই লজিস্টিকস লিমিটেডের ‘স্বপ্ন’, ইউনিমার্ট, সেভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ এবং এমআর. ডিআইওয়াই।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের ঢাকা কেন্দ্রের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ ক্যাম্পেইন চলাকালে নগদ অর্থের পরিবর্তে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্পন্ন করবেন। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের ব্যবহারিক সুবিধা ও সহজলভ্যতা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।
আরো পড়ুন
দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ভয়াবহ হারে বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
এর আগে, ২৪ জুন বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের অনুষ্ঠানটি কাভার করার আমন্ত্রণ জানানো হয়।
খাতসংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনীতিকে ধীরে ধীরে ক্যাশলেস ব্যবস্থার আওতায় আনার রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।