• ই-পেপার

আজকের মুদ্রা বিনিময় হার

গ্যাস নেই, পড়ে আছে ২১ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ

অনলাইন ডেস্ক
গ্যাস নেই, পড়ে আছে ২১ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ

গ্যাস নেই। অলস পড়ে আছে দুটি শিল্প গ্রুপের ২১ হাজার কোটি টাকার বিনিয়োগ। শুধু তাই নয়, এতে প্রতিদিন কয়েক কোটি টাকা সুদ দিতে হচ্ছে গ্রুপ দুটিকে। গ্যাসের অভাবে চালু হচ্ছে না মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৭ হাজার ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ও সিটি গ্রুপের ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচটি কারখানা। পেট্রোবাংলায় জমা পড়ে আছে এক হাজার ৮০০ বেশি আবেদন।

কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) দুটি কারখানা নির্মাণ করেছে। একটি কাচ তৈরির, আরেকটি রডের। কাচ তৈরির কারখানাটি নির্মাণ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। আর রডের কারখানাটির কাজ শেষ হয়েছে দেড় বছর আগে। এমজিআই যখন বিনিয়োগ করে, তখন তারা গ্যাস–সংযোগের আশ্বাস পেয়েছিল। সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজেরাই ৫৫০ কোটি টাকা খরচ করে গ্যাসলাইন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে; কিন্তু গ্যাস–সংযোগ পাওয়া যায়নি। 

দুই কারখানার ঋণের বিপরীতে মাসে প্রায় ৪৫ কোটি টাকা সুদ দিতে হচ্ছে উল্লেখ করে এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল ২০ জুন বলেন, ‘এই বিনিয়োগ বিদেশি ঋণে হয়েছে। বিদেশি ঋণে তো আর রিশিডিউল (পুনঃ তফসিল) করা যায় না। সুদও মাফ পাওয়া যায় না। গ্যাস না পেলে কারখানা দুটি চালু করা যাবে না।’

তিনি বলেন, ‘কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে মোট সাতটি কারখানায় ১৫ হাজার লোকের কর্মসংস্থান হওয়ার কথা। সবকিছু থেমে আছে গ্যাসের অভাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ীদের সভায় ২০ জুন বিষয়টি তুলে ধরেছি।’ 

শুধু এমজিআই নয়, ছোট, মাঝারি ও বড় বেশ কিছু শিল্পগোষ্ঠী কারখানায় গ্যাস–সংযোগ না পেয়ে বিপাকে আছে। কেউ কেউ বড় ধরনের আর্থিক সংকটে পড়ে গেছে। 

পেট্রোবাংলা সূত্র জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির কাছে শিল্প সংযোগের ১ হাজার ৮০০টির বেশি আবেদন জমা আছে। এর মধ্যে ৫৫০টির মতো প্রতিষ্ঠান সব প্রক্রিয়া শেষ করে সংযোগের (প্রতিশ্রুত সংযোগ) অপেক্ষায় রয়েছে। মানে হলো, তারা গ্যাস-সংযোগের জন্য টাকাও জমা দিয়েছে; কিন্তু গ্যাস পাচ্ছে না। 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গত ২০ এপ্রিল কারখানায় গ্যাস–সংযোগ না পাওয়া নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে একটি চিঠি দেন। চিঠিতে তিনি পাঁচটি কারখানার কথা উল্লেখ করেন, যার মধ্যে দুটি এমজিআইয়ের। 

আশিক চৌধুরী বলেন, ‘গ্যাস–সংযোগ দিতে না পারলে দেশে নতুন কর্মসংস্থান হবে না। ভবিষ্যতে দেশি–বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহিত হবেন।’ 

এমজিআইয়ের কারখানা দুটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে। ঢাকা থেকে ৩২ কিলোমিটার দূরে কুমিল্লার মেঘনা উপজেলায়। সেখানে বেসরকারিভাবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে এমজিআই। জমির পরিমাণ ৩৬১ একর।

1

ভাঙা রাস্তা দিয়ে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে ঢুকে দেখা যায়, দুটি কারখানার কাজ শেষ। এখন অন্য কারখানা ও স্থাপনা তৈরির কাজ চলছে। শ্রমিকদের আবাসনের জন্য ভবন নির্মাণও শেষ। দেখা গেল, বিদ্যুতের লাইন তৈরি আছে, গ্যাসের লাইন তৈরি আছে; কিন্তু সংযোগ নেই।

এমজিআইয়ের কর্মকর্তারা বলছেন, শুরুতে যদি তাদের বলা হতো যে গ্যাস পাওয়া যাবে না, তাহলে বিপুল বিনিয়োগ করে কারখানা করতেন না। কাচের কারখানাটিতে তাদের বিনিয়োগ ২ হাজার ৪৪০ কোটি টাকা। সেটির নাম মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিডেট; আর রডের কারখানার নাম মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড। বিনিয়োগ ৪ হাজার ৮৮০ কোটি টাকা। দুটি কারখানা করতে এমজিআই বিশ্বব্যাংক গোষ্ঠীর সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ঋণ নিয়েছে। 

এমজিআই দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর একটি। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এমজিআইয়ের বর্তমানে ৫৭টির বেশি কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৬৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে শুধু গ্যাস নয়, শিল্পের বিদ্যুৎ–সংযোগও পাওয়া যায়নি। আর রাস্তাটি মেরামতের জন্য সরকারকে একাধিকবার অনুরোধ করেছিল এমজিআই; তবে মেরামত হয়নি। 

এমজিআইয়ের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) সুমন চন্দ্র ভৌমিক বলেন, রাস্তাটি বড় করা এবং সংস্কারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি প্রকল্প নেওয়া হয়েছিল। ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩০০ কোটি টাকা; কিন্তু প্রকল্পটি তখন পাস হয়নি। অন্তর্বর্তী সরকারও অর্থাভাবে প্রকল্পটি অনুমোদন করেনি। তিনি বলেন, রাস্তাটি মেঘনা উপজেলার সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করেছে। শিল্পকারখানা এবং সাধারণ মানুষের জন্য রাস্তাটি খুবই জরুরি। 

এমজিআইয়ের মতোই দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর একটি সিটি গ্রুপ। এ গ্রুপের অধীনে ৪০টির মতো প্রতিষ্ঠান রয়েছে। এতে কাজ করেন ১৫ হাজারের বেশি মানুষ। তবে শিল্পগোষ্ঠীটি এখন সংকটে রয়েছে।

সিটি গ্রুপ বলছে, তাদের সংকটে পড়ার কারণগুলোর মধ্যে একটি হলো কারখানায় গ্যাস–সংযোগ না পাওয়া। মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০৮ একর জমিতে প্রতিষ্ঠিত নিজেদের হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে পাঁচটি শিল্পকারখানা গ্যাসের অভাবে চালু করতে পারছে না তারা। সিমেন্ট, চিনি, কাগজ, জাহাজ ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কারখানায় তাদের প্রায় ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ অলস পড়ে রয়েছে।

সূত্র জানিয়েছে, ১৫০ কোটি টাকা ব্যয়ে নিজেরা পাইপলাইন তৈরি করে দেওয়ার পরও সরকার গ্যাস দিতে পারেনি। গ্যাস পেলে কারখানাগুলো ২০২২ সালে চালু করা যেত। 

গাজীপুরের মাওনায় একটি বস্ত্র কারখানা করে বিপাকে পড়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। তিনি বলেন, দুই বছর আগে গ্যাস–সংযোগের জন্য টাকা জমা দিয়েছেন। এখন পর্যন্ত গ্যাস–সংযোগ পাননি। ফলে কারখানাও চালু করা যাচ্ছে না।

এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, ‘প্রতিদিন প্রায় ৫ কোটি টাকা করে সুদ গুনতে হচ্ছে। কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে, তা জানি না। এ ক্ষতি আর টানতে পারছি না।’

গ্যাস–সংযোগ নিয়ে বেজার চেয়ারম্যান আশিক চৌধুরীর দেওয়া চিঠিতে সুইফট শিল্ড বাংলাদেশ লিমিটেড ও রিসাস কেমি বাংলাদেশ লিমিটেড নামে দুটি কারখানার কথা উল্লেখ করা হয়েছে। কারখানা দুটি জামালপুর অর্থনৈতিক অঞ্চলে। এর মধ্যে সুইফট শিল্ডে ১৫ কোটি টাকা এবং রিসাস কেমিতে ৯৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এ দুটি শিল্পকারখানায় গ্যাস–সংযোগ দিতে পারলে এক হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

আশিক চৌধুরীর চিঠিতে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেডের কথাও বলা হয়েছে। এটি গ্যাস–সংযোগের অভাবে চালু হচ্ছে না। চিঠিতে উল্লেখ করা হয়, এখন পর্যন্ত কোম্পানিটি সেখানে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। কারখানায় গ্যাস–সংযোগ দিতে পারলে সেখানে সাত হাজার মানুষের কর্মসংস্থান হবে। 

চট্টগ্রামে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে কর্ণফুলী স্টিল মিলস নামের একটি কারখানা করেছে টি কে গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাঁচ বছর ধরে তারা গ্যাসের অপেক্ষায়। 

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি কারখানা করেছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের বিনিয়োগ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা। কারখানা চালু হলে প্রথম বছর দেড় হাজার এবং তিন বছরে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে; কিন্তু গ্যাসের অভাবে কারখানাটি চালু করা যাচ্ছে না। 

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবদুল মান্নান খান বলেন, ‘গ্যাস পেলেই আমরা কারখানা চালু করব; কিন্তু পাচ্ছি না। বিকল্প হিসেবে আমরা সিলিন্ডারে গ্যাস এনে আপাতত কারখানা চালুর চিন্তা করছি।’

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর  ১৭ মে সচিবালয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক হয়। সেখানে শিল্পে গ্যাসের সংযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়; কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে দেশে দিনে ২৭০ কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে, যেখানে চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। শিল্প খাতে যাচ্ছে ১২০ কোটি ঘনফুটের বেশি। পেট্রোবাংলা সূত্র বলছে, প্রতিশ্রুত সংযোগগুলো দেওয়া হলে আরও ৩৫ কোটি ঘনফুটের মতো গ্যাসের প্রয়োজন হবে। 

জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কিছু কিছু কারখানায় গ্যাস দেওয়ার বিষয়টি সরকারের চিন্তায় রয়েছে। তবে একই শিল্পগোষ্ঠীর সব কারখানা গ্যাস পাবে না; বরং সবাইকে কিছু কিছু গ্যাস দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। তিনি বলেন, সংকট কাটাতে দেশীয় উৎপাদন বাড়াতে জোর দেওয়া হয়েছে।’ 

দেশে সোনার পর রুপার দামেও বড় পতন, ভরিতে কমল কত?

নিজস্ব প্রতিবেদক
দেশে সোনার পর রুপার দামেও বড় পতন, ভরিতে কমল কত?
সংগৃহীত ছবি

দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।

বুধবার (২৪ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ১৯ জুন সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৪ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

এদিকে, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮০ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৪০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩৯ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

২০২৪ সালের আগস্ট থেকে চলতি জুন পর্যন্ত সাত শিল্প এলাকা

কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস, ৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ

অনলাইন ডেস্ক
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস, ৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ

আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন, যার মধ্যে রয়েছেন ১ হাজার ৭০০ শ্রমিক। শিল্প পুলিশ জানিয়েছে, গত ১৬ জুন থেকে কারখানাটির কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে মালিক পক্ষের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন, চাকরিসংক্রান্ত সুবিধাসহ সব আইনানুগ পাওনা আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। শিল্পসংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুযায়ী, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়। ২০২৪ সালের আগস্ট থেকে চলতি জুন পর্যন্ত শিল্প অধ্যুষিত সাতটি এলাকায় মোট ৪৫৭ কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। বণিক বার্তার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। 

শিল্প গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪৫৭ কারখানার মধ্যে ২০৫টি বন্ধ হয়েছে পর্যাপ্ত ক্রয়াদেশের অভাবে। ১৯০টি কারখানা বন্ধ হয়েছে মালিকের আর্থিক সংকটে। অর্থাৎ ৮৬ দশমিক ৪৩ শতাংশ কারখানা বন্ধের প্রধান কারণ, পর্যাপ্ত কাজের অভাব ও মালিকের আর্থিক সংকট। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়েছে ১১টি কারখানা। রাজনৈতিক, ব্যাংক জটিলতা, গ্যাস-বিদ্যুৎ সংকট, কাঁচামালের অভাব ও ফ্যাক্টরি স্থানান্তরসহ অন্যান্য কারণে স্থায়ীভাবে বন্ধ হয়েছে ৫১টি কারখানা।

শিল্প পুলিশ সূত্র বলছে, অধিকাংশ ক্ষেত্রেই কারখানা বন্ধ করা হচ্ছে শ্রম আইন অনুযায়ী নোটিস দিয়ে। তবে সংকট তৈরি হচ্ছে শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্বের কারণে। সূত্রটির ভাষ্য, নোটিশ দিয়ে বন্ধের প্রক্রিয়া আইনগত হলেও অনেক ক্ষেত্রে বেতন, সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনা সময়মতো পরিশোধ করা হয় না। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে। এ ছাড়া অনেক ক্ষেত্রে কারখানা বন্ধের বিষয়টি আগে থেকে অবহিত না করলে হঠাৎ শ্রমিক অসন্তোষ তৈরি হয়, যা পরিস্থিতি জটিল করে তোলে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন বলেন, ‘অধিকাংশ কারখানাই শ্রম আইন অনুযায়ী নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ করছে। তবে মূল সমস্যা হলো—শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব। অনেক কারখানা নোটিশ দিয়ে বন্ধ করলেও শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা অনেক সময় ঠিকভাবে পরিশোধ করা হয় না। নির্ধারিত সময়ের মধ্যে কমিটমেন্ট রক্ষা না হলে শ্রমিক অসন্তোষ তৈরি হয়।’ তিনি আরো বলেন, ‘আমরা মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করি। এটি আমাদের মূল দায়িত্ব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এটা করতে হয়। আগে থেকে তথ্য না থাকলে অনেক সময় পরিস্থিতি আরো জটিল হয়ে যায়।’

দেশের শিল্পাঞ্চলগুলোতে মোট কারখানার সংখ্যা ১০ হাজার ২৩৮। এর মধ্যে আশুলিয়ায় ১ হাজার ৭০৫ কারখানার মধ্যে বন্ধ হয়েছে ১২৪টি। গাজীপুরে ২ হাজার ৭৬৪ কারখানার মধ্যে বন্ধ হয়েছে ১৫৫টি। চট্টগ্রামে ১ হাজার ৭৭৮ কারখানার মধ্যে ১১৯টি বন্ধ। নারায়ণগঞ্জে ১ হাজার ৯৬০ কারখানার মধ্যে বন্ধ ৩৮টি। ময়মনসিংহে ২৯৩ কারখানার মধ্যে বন্ধ আটটি। খুলনায় ৬৭৩ কারখানার মধ্যে বন্ধ ছয়টি। কুমিল্লায় ৩১৭ কারখানার মধ্যে সাতটি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। তবে সিলেট অঞ্চলে স্থায়ী বন্ধ হওয়া কোনো কারখানার তথ্য পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৪৫৭ বন্ধ কারখানার মধ্যে তৈরি পোশাক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সদস্য ১০৮টি। এ খাতের আরেক সংগঠন বিকেএমইএ সদস্য কারখানার সংখ্যা ৩৫। তৈরি পোশাকের কাঁচামাল সুতা-কাপড় উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সদস্য আটটি। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন বন্ধ কারখানা রয়েছে ১৯টি। কোনো সংগঠনের বাইরে থাকা কারখানার সংখ্যা ২৮৭। স্থায়ীভাবে বন্ধ ১৫১টি বা এক-তৃতীয়াংশের বেশি তৈরি পোশাক ও বস্ত্র খাতসংশ্লিষ্ট কারখানা।

পোশাকশিল্প খাতসংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, দীর্ঘ মেয়াদের ক্রয়াদেশ সংকট এবং উৎপাদন ব্যয়ের চাপ অনেক কারখানার টিকে থাকার সক্ষমতা কমিয়ে দিয়েছে। বৈশ্বিক বাজারে অর্ডার প্রবাহে অনিশ্চয়তা, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণেও শিল্পে চাপ তৈরি হয়েছে। সরকার এরই মধ্যে বন্ধ কারখানা পুনরুজ্জীবিত করতে প্রণোদনার ঘোষণা দিয়েছে। বিজিএমইএ সূত্র অনুযায়ী, এরই মধ্যে ৩২২ কারখানা এ প্রণোদনা পেতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ১৯৯টি পুরোপুরি বন্ধ, বাকি ১২৩টি আংশিকভাবে বন্ধ। এসব কারখানার প্রণোদনা প্রাপ্তির যোগ্যতা যাচাই-বাছাই চলছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘কারখানা বন্ধের বিষয়টি একমাত্রিক নয়। বন্ধের কারণগুলোর ক্ষেত্রে ছোটখাটো ব্যত্যয় থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই তথ্য সঠিক। সব কারখানা একসঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এমন নয়। কিছু কারখানা সংকটে আছে কিছু টিকে থাকার লড়াই করছে। প্রয়োজন অনুযায়ী সহায়তার মাধ্যমে কিছু কারখানা সচল রাখা সম্ভব। সে উদ্যোগও চলমান রয়েছে।’ তৃতীয় পক্ষের অডিটের মাধ্যমে বন্ধ কারখানার প্রকৃত অবস্থা নির্ধারণের প্রক্রিয়া রয়েছে জানিয়ে বিজিএমইএ সভাপতি আরো বলেন, ‘কোন কারখানা চালু রাখা সম্ভব আর কোনটি সংকটে রয়েছে, সেটা নির্ধারণ করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

শিল্প খাতসংশ্লিষ্টরা বলছেন, একাধিক চাপ একসঙ্গে তৈরি হওয়ায় অনেক কারখানা কার্যক্রম চালাতে পারছে না। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ব্যাংক খাতে ঋণ সংকোচন জ্বালানি ঘাটতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি শিল্পে বড় ধরনের চাপ তৈরি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যবস্থাপনাগত দুর্বলতা। ফলে একদিকে অর্ডার কমছে, অন্যদিকে উৎপাদন ব্যয় বাড়ায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘এ সংকট একক কারণে হয়নি। এটি দীর্ঘমেয়াদি ও নানামুখী সমস্যার ফল। শুরুতে অর্ডার ঘাটতি ছিল, যা পরে ওয়ার্কিং ক্যাপিটাল সংকটে রূপ নেয়। অনেক কারখানা এলসি খুলতে পারেনি, ফলে কাঁচামাল আমদানি ও উৎপাদন ব্যাহত হয়েছে।’

জ্বালানিসংকট গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ব্যাংকিং চাপ শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘বৈশ্বিক সংকট, কভিড মহামারির অভিঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মূল্যস্ফীতির প্রভাবও শিল্পে পড়েছে। এর সঙ্গে রয়েছে অতিসম্প্রতি মধ্যপ্রাচ্য সংকট। সব মিলিয়ে কারখানা বন্ধের পেছনে বহুবিধ কারণ রয়েছে।’

শিল্প খাতসংশ্লিষ্ট বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের উৎপাদন খাতে যে উচ্চমাত্রার বন্ধ ও স্থবিরতা দেখা যাচ্ছে, তার পেছনে শুধু আর্থিক দুর্বলতা নয়, বরং বাজার চাহিদার সংকোচন, নীতিগত অনিশ্চয়তা এবং কাঠামোগত দুর্বলতাও সমানভাবে দায়ী। প্রকৃত বিপদগ্রস্ত কারখানাগুলোকে উৎপাদনে ফেরাতে সরকারের উদ্যোগও রয়েছে। কিন্তু ঢালাওভাবে সহায়তা না দিয়ে প্রকৃতভাবে টিকে থাকার সক্ষমতা আছে এমন শিল্পগুলোকে বাছাই করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি সিদ্ধান্ত হওয়া উচিত।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজ বলেন, ‘বিপদগ্রস্ত কারখানাগুলোকে সাহায্য করার বিষয়টি আমরা ইতিবাচক হিসেবেই দেখি। কারণ সামষ্টিক অর্থনীতি, কভিড-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক পটপরিবর্তনসহ বিভিন্ন কারণে গত তিন-চার বছরে দেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠানই দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছে। এ অবস্থায় নীতিগত সহায়তা পেলে অনেক প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াতে পারে। তবে ঢালাওভাবে বিবেচনা করা ঠিক হবে না। যেগুলো বহু বছর ধরে বন্ধ, তাদের ক্ষেত্রে স্বল্প সহায়তায় পুনরায় চালুর সম্ভাবনা কম। কারণ তাদের মেশিনারি ও অবকাঠামো অনেক ক্ষেত্রেই পুরোপুরি পুনর্গঠন ছাড়া চালু করা সম্ভব নয়। আবার এমন কারখানাও আছে, যেগুলো সম্প্রতি বন্ধ হয়েছে, তাদের পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে টার্গেটিং খুব গুরুত্বপূর্ণ। কারা সত্যিকারের উপকারভোগী হবে, সেটা ঠিক করতে হবে। পাশাপাশি রাজনৈতিক কারণে বন্ধ হওয়া কারখানাগুলোর ক্ষেত্রেও বিবেচনা করতে হবে, বর্তমান পরিস্থিতিতে তারা আদৌ আবার ব্যবসায় ফিরতে পারবে কি না।’

যাদের সহায়তার জন্য বাছাই করা হবে, তাদের ক্ষেত্রে থার্ড পার্টি অডিট করা দরকার জানিয়ে তিনি আরো বলেন, ‘তাদের প্রকৃত অবস্থা কী, কেন বন্ধ হয়েছে, তা যাচাই করতে হবে। এরপর রিকভারি রোডম্যাপ তৈরি করে সেটি ভ্যালিডেট করার পরই সহায়তা দেওয়া উচিত।’

সোনার দামে বড় পতন, ভরিতে কমল কত?

অনলাইন ডেস্ক
সোনার দামে বড় পতন, ভরিতে কমল কত?

দেশের বাজারে সোনার দাম ফের কমেছে। ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
 
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে গত ২২ জুন সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। 

এদিকে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৯ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।