কাতারের সানাইয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (২১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, কাতারের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। ঘটনাটিকে তিনি ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক’ উল্লেখ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে বলা হয়, নিহত পাঁচ বাংলাদেশির সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— মোস্তাক আহমদ (৩০), জুবায়ের আহমদ (৩০), জসিম উদ্দিন (৩০), জিবাল আহমদ (৩৬) ও কাদির আহমদ (২৪)।
গোলাম পরওয়ার বলেন, এসব প্রবাসী নিজেদের শ্রমে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতি ও পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। তাদের মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।
তিনি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থাও করার দাবি জানান তিনি।




