ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতী চাল, শাড়ি, সাবান, গরু, চকোলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু, গাঁজা ইত্যাদি। এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি-৬০ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চণ্ডিদার এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে এক কোটি ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদকপাচার, পুশ ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জঙ্গি হামলায় নিহত রবিউলের স্মরণসভা

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে স্বজন ও এলাকাবাসী। গতকাল বুধবার তাঁর কবর জিয়ারত করা হয় এবং গ্রামের বাড়ি আটিগ্রামে শোক মিছিল ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল ১১টায় রবিউলের কবর জিয়ারত শেষে একটি শোক মিছিল বের করা হয়। এতে অংশ নেয় রবিউলের প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন স্কুল বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটির (ব্লুমস) শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী। পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণামূলক আলোচনাসভা। ব্লুমসের সভাপতি জিআর শওকত আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার বদরুল আলম চৌধুরী, ডা. জিয়াউল রহমান এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা জঙ্গিবাদকে ঘৃণা জানিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হাবিবুর রহমান (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার ভোর ৪টার দিকে বাড়ির পাশে প্রস্রাব করতে গেলে বিষাক্ত সাপ তাঁর ডান পয়ের হাঁটুর নিচে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাঁকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের মিছিল

ভোলার চরফ্যাশন উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় লিয়া আক্তার (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। নিহত লিয়া আক্তার উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার সকালে চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহপাঠীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মহিদুল ইসলাম। তিনি রংপুর জেলার পীরগাছার আজগর আলীর ছেলে।
