• ই-পেপার

কর্ণফুলীতে জাহাজডুবি ১২ নাবিক উদ্ধার

ইবি শিক্ষিকা হত্যার তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইবি শিক্ষিকা হত্যার তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের অধিকতর তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেটে আগের কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে এ কমিটি গঠন করা হয়। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে আহ্বায়ক এবং একাডেমিক শাখার উপরেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও ইবির সিন্ডিকেট সদস্য ড. আশরাফুর রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. সাজ্জাদ হোসেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস কক্ষে বিভাগের সাবেক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন শিক্ষিকা রুনা।

 

৫ রেমিট্যান্স যোদ্ধার লাশ দেশে ফিরল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
৫ রেমিট্যান্স যোদ্ধার লাশ দেশে ফিরল

কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ রেমিট্যান্স যোদ্ধা দেশে ফিরেছেন কফিনবন্দি হয়ে। একই এলাকার পাঁচ সন্তানের এমন মৃত্যুতে সিলেটজুড়ে নেমেছে শোকের ছায়া। গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে পাঁচ বাংলাদেশির মরদেহ। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাঁদের মরদেহ দেশে আনা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন কানাইঘাটের কাদির আহমদ, জিবাল আহমদ, জসিম উদ্দিন, মস্তাক আহমদ এবং জুবের আহমদ।

 

বিএনপি-জামায়াতের সংঘর্ষ, ১৪৪ ধারা

গাইবান্ধা প্রতিনিধি
বিএনপি-জামায়াতের সংঘর্ষ, ১৪৪ ধারা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি-জায়ামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা  ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় গত সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। এ সময় কিছু দোকানে লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এবং একই সময়ে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় উপজেলা জামায়াতে ইসলামী। ফলে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা প্রশমনে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, আটক ১

ফেনী প্রতিনিধি
জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, আটক ১

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল ও এলাকাবাসী। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্স আলী মৌলভী বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক জনি ওই বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে এসেছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত জনি দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও অশালীন মন্তব্য করে আসছিলেন।