• ই-পেপার

খাসজমি দখলমুক্ত ৫ পরিবারের মুক্তি

ছাত্র হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ছাত্র হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর

গফরগাঁও পৌর শহরের কলেজ শিক্ষার্থী রবিন হত্যার বিচার দাবিতে সহস্রাধিক শিক্ষার্থী গণস্বাক্ষর প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার গফরগাঁও সরকারি কলেজে নিহত রবিনের বন্ধুদের উদ্যোগে বিভিন্ন বর্ষের সহস্রাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় স্বাক্ষর প্রদান করা শিক্ষার্থীরা রবিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকলিন, আনাফ, রাইন, ইন্না ও তামান্না জানান, রবিন হত্যার দুই সপ্তাহেও পুলিশ একজন সন্দেহভাজন ছাড়া অন্য আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান সেখ বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

গৌরীপুরে ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি
গৌরীপুরে ট্রেন লাইনচ্যুত

জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্ত নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। গত বুধবার রাতে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। লাইনচ্যুত তিনটি কোচ ঘটনাস্থলে রেখে বাকি ১১টি কোচ নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে ছয়জন আহত হন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর লাইনচ্যুত তিনটি কোচ উদ্ধার করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিজয় এক্সপ্রেসের পরিচালক মাসুদ মিয়া জানান, ট্রেনটি স্টেশন ত্যাগের মাত্র দুই মিনিটের মধ্যে পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়। চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিন বন্ধ করে দেন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

 

ইউপিডিএফের তিন সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা প্রতিনিধি
ইউপিডিএফের তিন সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার

জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের তিন সদস্যকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের একটি বিশেষ টহলদল রেখুংপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন হ্লাপ্রুসাই মারমা (৩০), তেজেন্দ্র চাকমা (২৭) এবং বিশ্ব ত্রিপুরা (২৮)।

 

 

 

মাঠে চাষাবাদের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
মাঠে চাষাবাদের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের নাজমুল (৩২) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রুদ্রনগর মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নাজমুল গ্রামের মাঠে কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানায়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। দর্শনা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।