সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় সরকারি খাস জায়গা দখলমুক্ত করা হয়েছে। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জায়গা উদ্ধার করে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে দখলমুক্ত জায়গা নির্ধারণ করে লাল নিশানা স্থাপন করা হয়। এর আগের দিন বুধবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে দখলকৃত ভূমিতে বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়। স্থানীয় এক মহল তিন দিন ধরে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে পাঁচ পরিবারের লোকজনকে অবরুদ্ধ করে রেখেছিল। জানা যায়, গত ২২ জুন একটি চক্র পৌরসভার হবিবনগর এলাকায় সরকারি খাস জায়গাটি অবৈধভাবে দখল করতে গিয়ে সেখানে ৩১ বছর ধরে বসবাসরত পাঁচটি পরিবারকে অবরুদ্ধ করে রাখে।

