জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছা)’ সাবেক সমন্বয়ক ও সংগঠকরা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাজমুস সালেহী। অন্যান্য দাবির মধ্যে রয়েছে—জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত নেতৃত্বের তথ্যভিত্তিক স্বীকৃতি নিশ্চিত করা; নিরপেক্ষ যাচাইয়ের মাধ্যমে শহীদ, আহত ও সম্মুখসারির যোদ্ধাদের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় গেজেট প্রকাশ এবং গেজেটভুক্তদের পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা; ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, সাগর-রুনি হত্যা, শাপলা চত্বর, নিরাপদ সড়ক আন্দোলনের সহিংসতাসহ আলোচিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার।

