• ই-পেপার

প্যারাসিটামল নিয়ে চাই সতর্কতা

সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করুন

সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করুন

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে। দেখা গেছে, এসব দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ বেপরোয়া গতি। হাইওয়েতে বাস ছুটছে ১২০-১৩০ কিমি বেগে, আর শহরের ৩০ কিমি জোনে মোটরসাইকেল চলছে ৭০ কিমি বেগে। এই গতির নেশায় চালক মুহূর্তেই হারাচ্ছে নিয়ন্ত্রণ, আর তার খেসারত দিতে হচ্ছে নিরীহ পথচারী, রিকশাচালক আর স্কুলগামী শিশুদের। এমনকি চালক নিজেকেও। স্কুল-কলেজ, হাসপাতালের সামনেও গাড়ির গতি কমছে না। গতি নিয়ন্ত্রণের আইনও রয়েছে। কিন্তু বাস্তবে এর প্রয়োগ চোখে পড়ে না। স্পিড গান, সিসি ক্যামেরা, স্বয়ংক্রিয় জরিমানার কথা আমরা কাগজে-কলমেই শুনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, জনস্বার্থে এখনই সব সড়কে ডিজিটাল স্পিড মনিটরিং বাধ্যতামূলক করুন। ওভারস্পিডিং করলে কঠোর জরিমানা ও লাইসেন্স বাতিলের নিয়ম চালু করুন। একই সঙ্গে স্কুল, হাসপাতাল ও বাজার এলাকায় স্পিডব্রেকার ও সতর্কীকরণ সাইনবোর্ড বসান এবং চালকদের মানসিক স্বাস্থ্য ও গতি নিয়ন্ত্রণে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করুন।

মুহাম্মদ শাফায়াত হুসাইন

শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া

অবিলম্বে সড়কের সংস্কার চাই

অবিলম্বে সড়কের সংস্কার চাই

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হাতেম আলী সড়কটি দীর্ঘদিন ধরে করুণ দশায় থাকলেও সংস্কার হচ্ছে না। পৌর শহরের এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। সড়কটি দিয়ে প্রতিদিন গৌরীপুর পাইলট বালিকা, আরকে স্কুল, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ ও অগ্রদূত হাই স্কুলের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহল্লার বাসিন্দারা চলাচল করে। কিন্তু সহজ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে পুকুরের ময়লা পানি আসে এই সড়কে। এ সময় বাসাবাড়ির শৌচাগারের ময়লাও সড়কে চলে আসে। এদিকে পৌর কর্তৃপক্ষ ভাঙা ইটের টুকরা ও মাটি দিয়ে সড়কটির মেরাতম করলেও তা সাময়িক। এতে স্থায়ী কোনো সমাধান হয় না। এলাকার বহুল ব্যবহৃত এই সড়কটির দ্রুত সংস্কার প্রয়োজন। কোনো জোড়াতালি দিয়ে কাজ করলে হবে না, এখানে টেকসই ও পরিকল্পিত সংস্কারমূলক কাজ করতে হবে। এ জন্য গৌরীপুর পৌর কর্তৃপক্ষ ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. হারুন মিয়া

গৌরীপুর, ময়মনসিংহ

শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিন

শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিন

বর্তমান সময়ে শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে গ্রামসবখানেই এর প্রকোপ বাড়ছে। আধুনিকতার নামে সবজি বিক্রেতা, ফেরিওয়ালা, এমনকি ভিক্ষুক পর্যন্ত উচ্চ শব্দে রেকর্ড বাজিয়ে চলছে। অলিগলিতে প্রতিনিয়ত চলছে শব্দ সন্ত্রাস। এর ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মাথা ব্যথা, অনিদ্রা, মনোযোগের অভাব ও মানসিক চাপ বাড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারী। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ কার্যকর হয়েছে। সেখানে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাইক-লাউডস্পিকার নিষিদ্ধ এবং অনুষ্ঠানে অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাস্তবে বিধিমালা মানা হচ্ছে না। কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, শব্দদূষণের ভয়াবহতা বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও হাটবাজারে জনসচেতনতার জন্য ব্যাপক প্রচার চালাতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫-এর কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা অপরিহার্য।

আল ইমরান

শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ

কুমিল্লায় সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য

কুমিল্লায় সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য

কুমিল্লার চান্দিনা সদর থেকে বদরপুর পর্যন্ত সড়কটি স্থানীয় মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মাত্র সাত কিলোমিটার এই পথটুকুর জন্য সিএনজিচালকরা যাত্রীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে ৫০ টাকা ভাড়া আদায় করছেন। ভোগান্তির মাত্রা আরো চরম আকার ধারণ করে সন্ধ্যার পর, যখন কোনো প্রকার ঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়ে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়। দূরত্ব বিবেচনায় এই ভাড়া শুধু অযৌক্তিকই নয়, বরং চরম মাত্রার শোষণ। এখানে সিএনজিচালকরা শক্তিশালী সিন্ডিকেট গঠন করে সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের মনগড়া ভাড়া আদায় করছেন।

ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রতিনিয়ত কথা-কাটাকাটি, ঝগড়া এবং মাঝেমধ্যে মারামারির মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে। ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, এই রুটে সিএনজি ভাড়া অবিলম্বে সরকারি নির্ধারিত হারে পুনর্নির্ধারণ করা হোক। একই সঙ্গে প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে চালকদের এই স্বেচ্ছাচারী সিন্ডিকেট ভেঙে দিয়ে ভাড়ার একটি সুনির্দিষ্ট তালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর ব্যবস্থা করা হোক।

ওসমান গনি

সহসভাপতি, চান্দিনা প্রেস ক্লাব