যুক্তরাষ্ট্র-বসনিয়া (সকাল ৬টা)
স্পেন-অস্ট্রিয়া (রাত ১টা)
পর্তুগাল-ক্রোয়েশিয়া (কাল ভোর ৫টা)

যুক্তরাষ্ট্র-বসনিয়া (সকাল ৬টা)
স্পেন-অস্ট্রিয়া (রাত ১টা)
পর্তুগাল-ক্রোয়েশিয়া (কাল ভোর ৫টা)


শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে ১০০ শতাংশ নগদ মার্জিনে সোনালী ব্যাংকে ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শাইনপুকুর সিরামিকস বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। বর্তমানে পুরো গ্রুপ ঋণখেলাপি হিসেবে চিহ্নিত থাকায় এই অনুমোদনের প্রয়োজন ছিল। বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কম্পানি আইনের অধীনে বিশেষ অব্যাহতি দিয়ে অর্থ মন্ত্রণালয় এই সুবিধা অনুমোদন করেছে।
এই সুবিধা দেওয়ার জন্য ব্যাংক কম্পানি আইনের সংশ্লিষ্ট বিধানটি নির্দিষ্টভাবে শিথিল করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এই ঋণ সুবিধার কারণে ভবিষ্যতে সোনালী ব্যাংক সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। একই সঙ্গে বলা হয়েছে, এই অনুমোদনের ফলে সৃষ্ট কোনো দায়দায়িত্ব অর্থ বিভাগের ওপর বর্তাবে না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে শাইনপুকুর সিরামিকসের এলসি খোলায় নানা জটিলতা দেখা দেয়। ব্যাংক কম্পানি আইন অনুযায়ী, কোনো ঋণখেলাপির অনুকূলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণ সুবিধা দিতে পারে না।
তবে আইনে একটি ব্যতিক্রম আছে। যদি কোনো ব্যাবসায়িক গ্রুপের একটি খেলাপি প্রতিষ্ঠান ‘ইচ্ছাকৃত খেলাপি’ না হয় অথবা বাংলাদেশ ব্যাংক যদি মনে করে, ঋণ পরিশোধে ব্যর্থতার পেছনে যুক্তিসংগত কারণ ছিল, তবে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে খেলাপি হিসেবে বিবেচিত হবে না। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা দেওয়া যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেক্সিমকো গ্রুপের খেলাপি অবস্থার কারণে এই সুবিধা দিতে সরকারের অনুমোদন প্রয়োজন ছিল। শাইনপুকুর সিরামিকস বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান হওয়ায় বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছিল। অর্থ মন্ত্রণালয় ব্যাংক কম্পানি আইনের আওতায় অব্যাহতি দিয়েছে, যার ফলে শাইনপুকুর সিরামিকস সোনালী ব্যাংকে ১০০ শতাংশ নগদ মার্জিনের বিপরীতে এলসি খুলতে পারবে।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এই ঋণ সুবিধার কারণে অর্থ বিভাগের কোনো দায়দায়িত্ব সৃষ্টি হবে না এবং এ বিষয়ে ভবিষ্যতে সোনালী ব্যাংক পিএলসি সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চাইতে পারবে না।
চিঠিতে আরো বলা হয়েছে, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের সব আয় একটি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিতভাবে পরিশোধ করতে হবে।
২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য ব্যাংকঋণ পাওয়ার সুযোগ বাড়িয়ে দেয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো ব্যবসায়ী গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলেও একই গ্রুপের অন্য প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে, যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে খেলাপি হওয়া ইচ্ছাকৃত নয় এবং যৌক্তিক কারণে ঘটেছে।

বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মো. রিপন কাজীকে পারিবারিক দ্বন্দ্বের জেরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামে একজনকে গুলিতে এবং গাইবান্ধায় একজনকে কুপিয়ে খুন করা হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুরে আহত হওয়ার ১৮ দিন পর মারা গেছেন একজন। এ ছাড়া মুন্সীগঞ্জে হত্যাকাণ্ডের ৫২ দিন পর লাশের সন্ধান মিলেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আমতলী : পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বাজারঘোনা এলাকায় ফারুক ডাক্তারের বাড়ির সামনে মো. রিপন কাজী (৩৫) নামে বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ওই হত্যার ঘটনা ঘটে। নিহত রিপন কাজী আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মিজানুর রহমান কাজীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
নিহত রিপনের মা আমেনা বেগম বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের জেরে রাসেল কাজী, রিফাত কাজী, সোহাগ কাজী, রাহাত কাজীর নেতৃত্বে ৮-১০ জন যুবক আমার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি এই ঘটনার কঠিন বিচার চাই।’
অন্যদিকে আমতলী উপজেলা শ্রমিক দলের সভাপতি তারিকুল ইসলাম সোহাগ বলেন, নিহত রিপন কাজী গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের নিন্দা এবং বিচার দাবি করছি।’
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদিকে আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, নিহত রিপন আমতলী থানার বাসিন্দা। তাই আমতলী থানার পুলিশের একটি টিম পটুয়াখালী থানার পুলিশকে সহায়তার জন্য কাজ করছে।
চট্টগ্রাম : চট্টগ্রামে গুলি করে মো. আজাদ নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল সোয়া ৪টায় আজাদের লাশ তাঁর এক সহযোগী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন কালের কণ্ঠকে বলেন, ‘বিকেল সোয়া ৪টায় হাসপাতাল থেকে আমাদের জানানো হয়, মুরাদপুর ফরেস্ট গেট এলাকা থেকে আজাদ নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, আজাদ মৃত।’ তিনি আরো বলেন, ‘আজাদের সহযোগীর কথামতো আমাদের টিম ফরেস্ট গেটে যায়। সেখানে একটি একতলা ভবনে গিয়ে জানতে পারে, নিহত আজাদসহ তিনজন মাদক সেবনরত ছিল। বিষয়টি আমরা তদন্ত করছি।’
লক্ষ্মীপুর : মাদক বিক্রিতে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতের ১৮ দিন পর সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। ১২ জুন রায়পুর পৌর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাঁর বুকে ছুরিকাঘাত করে স্থানীয় মাদক কারবারি নুরুল আমিন। সে পৌরসভার দেনায়েতপুর এলাকার মৃত বশির উল্যার ছেলে।
শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরের কালীগঞ্জে ঠেকরা রহিমপুর গ্রামে নিজস্ব মাছের ঘের থেকে সজিব সরকার (৩১) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল বুধবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। নিহত সজিব ওই গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।